ট্যানারি সরানোর মেয়াদ ৬ মাস বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সরিয়ে নিতে আদালতের দেওয়া আদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট েবঞ্চ মেয়াদ বৃদ্ধির জন্য সরকার পক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। পাশাপাশি ট্যানারি কারখানাগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে নেওয়া পদক্ষেপ ও পদক্ষেপের অগ্রগতি তিন মাস পর আদালতে দাখিল করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।আদালতে সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও মূল রিট আবেদনকারী বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ইকবাল কবির লিটন ও হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে মঞ্জুর মোর্শেদ মামলা পরিচালনা করেন। এ ছাড়া ট্যানারি ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে শেখ ফজলে নূর তাপস মামলা পরিচালনা করেন। আইনজীবী মঞ্জুর মোর্শেদ বলেন, হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো ২৮ ফেব্রুয়ারির মধ্যে অন্যত্র স্থানান্তরের জন্য গত বছর জুনে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। শিল্প মন্ত্রণালয় স্থানান্তরের জন্য মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল। আদালত কারখানা স্থানান্তরের জন্য আরও ছয় মাস মেয়াদ বাড়িয়েছেন।