ট্রমা সেন্টারে চিকিৎসা হচ্ছে না সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের
সড়ক দুর্ঘটনায় আহত মানুষের জরুরি চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচটি ‘ট্রমা সেন্টার’ প্রতিষ্ঠা করেছিল। এগুলোর জন্য যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনা হয়। উদ্বোধন করেন বিএনপি ও আওয়ামী লীগের দুই মন্ত্রী। চিকিৎসকদের পদায়নও করা হয়। কিন্তু আহত মানুষ এসব কেন্দ্রে চিকিৎসা পায় না।কুমিল্লার শহীদনগর, ফেনীর মহিপাল, ময়মনসিংহের ভালুকায় তিনটি এবং সিরাজগঞ্জ ও ফরিদপুর সদর হাসপাতালে দুটি ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছিল। এসব কেন্দ্র ঘুরে দেখা গেছে, এতে প্রয়োজনীয় জনবল নেই। কোনোটি বন্ধ, কোনোটি মহাসড়কের কাছাকাছি না হওয়ায় গুরুতর আহত মানুষ কাছের বড় হাসপাতালে বা ঢাকায় চলে যায়।কেন ট্রমা সেন্টার বা আঘাতপ্রাপ্তদের চিকিৎসাকেন্দ্রগুলো চলছে না জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মো. সিফায়েতউল্লাহ প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় জনবল দেওয়া সম্ভব হয়নি বলে কেন্দ্রগুলো ঠিকমতো চলছে না।তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, বর্তমান সরকার মনে করে, এসব কেন্দ্র তৈরির ধারণাটা ভুল ছিল। কেন্দ্রগুলোকে স্বাস্থ্য কমপ্লেক্সে রূপান্তরের চিন্তাভাবনা করছে মন্ত্রণালয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণাকেন্দ্র বলছে, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১০-১২ হাজার মানুষ মারা যায়, আহত হয় আরও বহু মানুষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক শহীদুল হক মল্লিক প্রথম আলোকে বলেন, প্রতিদিন ওই হাসপাতালের জরুরি বিভাগে গড়ে ৬০০ রোগী আসে। এদের অর্ধেক সড়ক দুর্ঘটনার শিকার। আহত ব্যক্তিরা মাথায় মারাত্মক ক্ষত, শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো, হাড়গোড় ভাঙা, বুকে আঘাত নিয়ে আসে। অনেকে দূর-দূরান্ত থেকে অচেতন অবস্থায় আসে।স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চারদলীয় জোট সরকার ফেনীর মহিপাল, ফরিদপুরের ভাঙ্গা, মুন্সিগঞ্জের মাওয়া, সাভারের ধামরাই, টাঙ্গাইলের এলেঙ্গা, চট্টগ্রামের লোহাগাড়া, কুমিল্লার পদুয়া, হবিগঞ্জের বাহুবল, ময়মনসিংহের ভালুকা ও ঝিনাইদহে ১০টি কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছিল। পাঁচটি কেন্দ্রের নির্মাণ শেষ হয়। দরপত্র জটিলতায় কুমিল্লা ও ঝিনাইদহের কেন্দ্র দুটির কাজ হয়নি। বাকি তিনটির ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। এসব কেন্দ্র নির্মাণে বরাদ্দ ছিল ৩০ কোটি টাকা।সংশ্লিষ্ট বিষয়ে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, আহত রোগীর জরুরি সেবায় চিকিৎসকদের একটি দল কাজ করবে। দলে থাকবেন অর্থোপেডিকস, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, অবেদনবিদ্যা, ইমার্জেন্সি মেডিসিন, রেডিওলজি, ভাসকুলার সার্জারি, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক। এ ছাড়া সার্বক্ষণিক অস্ত্রোপচার ও রক্ত সঞ্চালনের ব্যবস্থা থাকতে হবে।কেন্দ্রগুলোতে পদায়ন করা হয়েছে অর্থোপেডিকসের দুজন পরামর্শক, একজন আবাসিক চিকিৎসক, একজন কনিষ্ঠ অবেদনবিদ ও একজন চিকিৎসা কর্মকর্তাকে। সার্বক্ষণিক রক্ত সঞ্চালনের ব্যবস্থাও নেই কোনো কেন্দ্রে। সরেজমিনে ট্রমা সেন্টার: ৬ অক্টোবর, দুপুর ১২টা। শহীদনগরের ট্রমা সেন্টারটি তালাবদ্ধ ছিল। হাসপাতালের সামনে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। তাঁরা বলেন, জানালা দিয়ে জোরে ‘নাহিদের আম্মা বলে ডাক দেন, তাহলে তালা খুলবে’। দরজা খোলার পর হাসপাতালটির দারোয়ান নাসির মিঞার স্ত্রী দেলোয়ারা আক্তার প্রথম আলোকে বলেন, হাসপাতালে মূল্যবান যন্ত্রপাতি আছে। চুরির ভয়ে দরজা-জানালা বন্ধ রাখেন। কেন্দ্রে দুজন চিকিৎসক আছেন। সরকারি ছুটির দিন ছাড়া তাঁরা বহির্বিভাগে রোগী দেখেন। দুর্ঘটনার রোগী এখানে দেখা হয় না। দুর্ঘটনার রোগী এলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, না হয় ঢাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়।হাসপাতালের পাশে কর্মচারীদের কোয়ার্টারে বসবাসরত কয়েকজন কর্মচারীর কাছ থেকে জানা যায়, কেন্দ্রটি ২০০৬ সালের ৬ অক্টোবর তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন উদ্বোধন করেন। ২০১০ সালের ৩০ এপ্রিল বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক দ্বিতীয়বার উদ্বোধন করেন। উদ্বোধনের দিনগুলোতে হাসপাতালের শয্যাগুলো পাতা হয়েছিল, জরুরি বিভাগও খোলা হয়েছিল। এখন রোগী নেই বলে বিছানাগুলো একটি কক্ষে তালা মেরে রাখা হয়েছে। হাসপাতালটি চলছে না জনবলের অভাবের কারণে। উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা গোলাম মোস্তফা খান বলেন, এক বছরে আটজন চিকিৎসককে পদায়ন করা হয়েছে। কেউ মাস দুয়েকের বেশি থাকেননি। সম্প্রতি দুজনকে পদায়ন করা হয়েছে। ফেনীর মহিপাল, সিরাজগঞ্জ সদর, ময়মনসিংহের ভালুকার কেন্দ্রেও প্রয়োজনীয় জনবল দেওয়া হয়নি। মহিপালের কেন্দ্রটি ২০০৬ সালে নির্মাণ শেষ হয়। এরপর অন্য একাধিক হাসপাতাল থেকে অর্থোপেডিকসের চিকিৎসক প্রেষণে পাঠিয়ে কেন্দ্রটি চালু রাখা হচ্ছে। ভালুকার কেন্দ্রটি তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১৭ ফেব্রুয়ারি প্রস্তুতি ছাড়া একজন চিকিৎসক ও একজন সেবিকা পদায়নের পর উদ্বোধন করা হয়। এখন একজন কনিষ্ঠ পরামর্শক, একজন আবাসিক চিকিৎসক আছেন। অবেদনবিদ্যা বিভাগে একজন চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তিনি অবেদনবিদ নন।ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ অঞ্চল ফরিদপুরের ভাঙ্গায় একটি কেন্দ্র নির্মাণের প্রস্তাব ছিল। তবে কেন্দ্রের স্থান পরিবর্তন করে ৩২ কিলোমিটার দূরে ফরিদপুর জেলা সদর হাসপাতালের ভেতরে নেওয়া হয়। সিরাজগঞ্জের কেন্দ্রটি শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড় সয়দাবাদ তৈরি করার কথা ছিল। পরে স্থান পরিবর্তন করে সিরাজগঞ্জ হাসপাতাল চত্বরে নেওয়া হয়। প্রতিটি কেন্দ্রের ভান্ডাররক্ষক বলেছেন, জরুরি অস্ত্রোপচারের জন্য দরকারি প্রায় সব যন্ত্রপাতি ও সরঞ্জাম আছে এসব কেন্দ্রে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ভান্ডাররক্ষক সফিকুল ইসলাম বলেন, শুধু এক্স-রে যন্ত্র নেই, বাকি সবই আছে। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভান্ডাররক্ষক দেলোয়ার হোসেন বলেন, এত যন্ত্রপাতি দেওয়া হয়েছে যে সেগুলো রক্ষণাবেক্ষণ করাই এখন একটা সমস্যা হয়ে দেখা দিয়েছে। ২০০৮ সালের ১৩ আগস্ট ফরিদপুরের সিভিল সার্জন কেন্দ্রটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে হস্তান্তর করেন। কিন্তু মেডিকেল কলেজে এনেও কেন্দ্রটি ঠিকমতো চালু হয়নি বলে জানা গেছে। কেন্দ্রটিতে ২০ শয্যা থাকার কথা ছিল, কিন্তু আছে নয়টি। প্রতিদিন গড়ে ৩৫ জন আহত রোগী আসে। ১১ অক্টোবর মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগী মাদারীপুরের টেকেরহাটের মো. বিপ্লব (২২) অভিযোগ করেন, নয় দিন ধরে হাসপাতালের বারান্দায় আছেন। খাবার পেয়েছেন মাত্র দুই দিন।এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, যত রোগীর জন্য বরাদ্দ দেওয়া হয় ভর্তি থাকা রোগীর সংখ্যা তার চেয়ে অনেক বেশি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেবিকা বলেছেন, এই কেন্দ্রের রোগীদের এক দিন পর পর খাবার দেওয়া হয়। বাকি দিনের খাবারের ব্যবস্থা রোগীকে করতে হয়।প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ফরিদপুরের পান্না বালা, দাউদকান্দির আবদুর রহমান ঢালি, ময়মনসিংহের মো. কামরুজ্জামান, ফেনীর আবু তাহের ও সিরাজগঞ্জের এনামুল হক।