ট্রলারডুবি: ১৬ যাত্রী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবির ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, এ ঘটনায় ১৬ জন নিখোঁজ রয়েছে।এদিকে নিখোঁজ লোকজনকে উদ্ধার করতে না পারায় গতকাল ক্ষুব্ধ জনতা ডুবুরিদের ওপর হামলা চালায়। এ সময় তারা বালুবাহী একটি ট্রলারে আগুন ধরিয়ে দেয়। কয়েকটি ট্রলারের শ্রমিকদের মারধরও করা হয়। এতে অন্তত ২০ জন আহত হয়।গত রোববার রাত পৌনে ১১টার দিকে অন্তত ১৫০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জ শহরের টানবাজার খেয়াঘাট থেকে বন্দর উপজেলার বিএম ঘাটে যাচ্ছিল। মাঝনদীতে একটি কার্গো ট্রলারের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এ সময় অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন নিখোঁজ হয়।প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশ জানায়, ট্রলারডুবির পর রাত সাড়ে ১১টার দিকে বিআইডব্লিউটিএ এবং ফায়ার সার্ভিসের ডুবুরির দল উদ্ধারকাজ শুরু করে। প্রচণ্ড স্রোত ও অন্ধকারের কারণে প্রায় আড়াই ঘণ্টা পর রাত দুইটার দিকে উদ্ধার তৎপরতা বন্ধ করা হয়। গতকাল সকাল পৌনে নয়টায় উদ্ধার অভিযান আবার শুরু হয়।এদিকে ভোর থেকেই নিখোঁজ যাত্রীদের স্বজন ও এলাকাবাসী নদীর তীরে ভিড় করে। রাতে ও সকালে কাউকে উদ্ধার করতে না পারায় তারা ডুবুরিদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। ডুবুরিরা ইচ্ছা করে লাশ তুলছে না বলে গুজব ছড়িয়ে পড়ে দুপুর ১২টার দিকে। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা সোনাকান্দা, রূপালী ঘাট, টানবাজার ও কলাগাছিয়া এলাকায় কয়েকটি বালুবাহী ট্রলারে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে। এ সময় বন্দর স্কুল খেয়াঘাট এলাকায় একটি বালুবাহী ট্রলারে আগুন ধরিয়ে দেওয়া হয়। সোনাকান্দা এলাকায় বিক্ষুব্ধ জনতা ১০-১২টি বালুবাহী ট্রলার আটকে রাখে। ফায়ার সার্ভিসের ডুবুরি আবদুল কায়েসকে বেধড়ক মারধর করে ক্ষুব্ধ জনতা। পুলিশ ডুবুরি কায়েসকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠায়। উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে পুলিশ। এ সময় ক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়। তারা বিভিন্ন জায়গায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে। এ হামলার পর থেকে মূলত উদ্ধার তৎপরতা বন্ধ হয়ে যায়। বেলা তিনটার দিকে বালুবাহী ট্রলার চলাচল বন্ধ করে দেয় পুলিশ।দুর্ঘটনাকবলিত ট্রলারের যাত্রী রকি (২৭) জানান, তিনি চাচাতো ভাই রুবেলকে নিয়ে নদী পার হচ্ছিলেন। হঠাৎ বালুবাহী ট্রলারের সঙ্গে তাঁদের বহনকারী ট্রলারের ধাক্কা লাগে। কোনো ট্রলারেই আলো ছিল না। অন্ধকারের মধ্যে কিছু বুঝে ওঠার আগেই তাঁদের ট্রলারটি ডুবে যায়। তিনি সাঁতরে তীরে পৌঁছাতে পারলেও রুবেল নিখোঁজ রয়েছে। রকি জানান, জাহাজে দেড় শতাধিক যাত্রী ছিল।নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুদ্দৌজা জানান, যাত্রীদের বেশির ভাগ নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিক। কাজ শেষে তাঁরা বাড়ি ফিরছিলেন। তিনি জানান, ট্রলারডুবির ঘটনায় ১৬ জনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁরা হলেন সুমন (১৮), রুবেল (১৯), নূর হোসেন (৩৮), সেলিম (১৬), মুকুল দাস (২৬), স্বপন (২১), রহমান (৪২), জুয়েল (১৮), হাসিনুর (১১), আসলাম (২৪), রিনা (২২), মনির (২০), শ্যামল (১৮), মামুন (২২), আরমান (২১) ও মাহবুব (২২)। তাঁদের অনেকেরই বাড়ি বন্দর উপজেলায়। তবে আরও কয়েকজন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আহসানুল কবীর জানান, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে রমনা ফায়ার সার্ভিসের ছয়জন এবং বিআইডব্লিউটিএর চারজন ডুবুরি উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু ক্ষুব্ধ জনতার হামলায় তা বন্ধ হয়ে যায়।বিআইডব্লিউটিএর ডুবুরি আবদুর রাজ্জাক জানান, প্রায় এক কিলোমিটার এলাকা অনুসন্ধান চালানো হয়েছে। কিন্তু নদীতে প্রচণ্ড স্রোত থাকায় লাশ উদ্ধার ও ট্রলারের অবস্থান শনাক্ত করা যায়নি।বিআইডব্লিউটিএর নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের উপপরিচালক ফজলুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। স্রোতের কারণে নিখোঁজ যাত্রী ও ট্রলারের অংশগুলো বহু দূরে ভেসে যেতে পারে।অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নদীতে পুলিশের তিনটি দল টহল দিচ্ছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খুরশিদ আলম জানান, যাত্রীবাহী ট্রলারটি ধারণক্ষমতার কয়েক গুণ বেশি যাত্রী বহন করছিল। আর বালুবাহী ট্রলারগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে। এ কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি জানান, উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।