ট্রলারসহ ৩৬ জেলে অপহরণের অভিযোগ নাসাকার বিরুদ্ধে
মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনী বাংলাদেশ জলসীমায় ঢুকে সেন্টমার্টিন দ্বীপ এলাকায় মাছ শিকারের সময় চারটি মাছভর্তি ট্রলারসহ ৩৬ জন জেলেকে ধরে নিয়ে গেছে। শাহপরীর দ্বীপের ট্রলার মালিক সমিতি এ অভিযোগ করেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দ্বীপের দক্ষিণ-পশ্চিমে মৌলবীরশিল স্থানে এ ঘটনা ঘটে।একই সঙ্গে তাঁদের ছাড়িয়ে নিতে নাসাকা বাহিনী ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।শাহপরীর দ্বীপের ট্রলার মালিক মহিবুল্লাহ, মো. কাশিম মাঝি, শামসুল আলম ও হাকিম আলী জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে মাছ শিকারের সময় নাসাকা বাহিনী দুটি ট্রলারে এসে জেলেদের ঘিরে ফেলে। এ সময় জেলেদের লক্ষ্য করে তারা কয়েকটি গুলিও ছোড়ে। পরে তাদেরকে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে আটককৃত মাঝিদের দিয়ে ট্রলার মালিকদের কাছে মুঠোফোনে তারা ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান বলেন, কিছুদিন পর পর নাসাকা বাহিনী বাংলাদেশে জলসীমানায় ঢুকে জেলেদের ধরে নিয়ে গেলেও প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। তিনি আটক জেলেদের ছাড়িয়ে আনতে জরুরি ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।তবে সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ নৌবাহিনীর নিয়োজিত কন্টিনজেন্ট কমান্ডার লে. মাহফুজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না।