ট্রাইব্যুনাল আইনের সংশোধনী নিয়ে বিভক্ত আদেশ
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের শব্দগত সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই বিভক্ত আদেশ দেন। জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করেন, তবে অপর বিচারপতি এর সঙ্গে দ্বিমত পোষণ করে আবেদনটি খারিজ করে দেন। ২০০৯ সালের ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়। এতে ‘ব্যক্তি’ ও ‘ব্যক্তিবর্গ’ শব্দ যুক্ত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মোরশেদুর রহমান চৌধুরী রিট আবেদনটি করেছিলেন।আইনজীবীরা জানান, ওই আইনের তিন (০৩) ধারা সংশোধন করে ব্যক্তি ও ব্যক্তিবর্গ যুক্ত করা কেন অবৈধ হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। অপর বিচারপতি আবেদনে ‘লুক আন্ডারস্ট্যান্ড’ নেই বলে আবেদনটি খারিজ করে দেন। এর প্রেক্ষাপটে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য তৃতীয় বেঞ্চে পাঠাবেন। গত মঙ্গলবার রিটের ওপর শুনানি শেষ হয়। রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী টি এইচ খান ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। রিটকারীর পক্ষে শুনানিতে সহায়তা করেন আইনজীবী ফখরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনালের মোতাহার হোসেন সাজু।