ট্রাইব্যুনাল কার্যবিধি চূড়ান্ত করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনাল ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় কার্যবিধি চূড়ান্ত করেছে। বিচারপতি নিজামুল হক, বিচারপতি এ টি এম ফজলে কবীর ও সাবেক জেলা জজ জহিরুল আহমেদ ওই বিধিতে সই করেছেন। অর্ধশতাধিক পৃষ্ঠার এই বিধিটি এখন প্রজ্ঞাপন আকারে প্রকাশের অপেক্ষায় রয়েছে। ট্রাইব্যুনালের একজন মুখপাত্র প্রথম আলোকে এ তথ্য জানান।প্রসঙ্গত, ১৯৭৩ সালের আইনের ২২ ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল তাঁর নিজস্ব কার্যবিধি চূড়ান্ত করলেন। এই কার্যবিধি অনুমোদনে রাষ্ট্রপতি বা আইন মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পালনের সুযোগ নেই। ট্রাইব্যুনালের তত্ত্বাবধানে সরকারি ছাপাখানায় সরাসরি এই কার্যবিধি ছাপা হতে যাচ্ছে। জানা গেছে, কার্যবিধি প্রণয়নে ট্রাইব্যুনাল সদস্যরা বিশেষজ্ঞ মতামতও নিয়েছেন। তবে এটি অধিকতর সংশোধনেরও সুযোগ রাখতে বিধিতে নির্দিষ্ট বিধান থাকছে। বিধিটি গেজেট হওয়ার পর বিভিন্ন মহলের কাছ থেকে মতামত আসবে বলে আশা করা হচ্ছে। কোনো উল্লেখযোগ্য সুপারিশ পাওয়া গেলে ট্রাইব্যুনাল তা বিবেচনায় নেবেন বলেও আভাস মিলেছে।গত ২৫ মার্চ তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরপরই এর বিচারকেরা নিজস্ব কার্যবিধি প্রণয়নে উদ্যোগী হন।প্রচলিত আইনে প্রণীত যেকোনো বিধি মূল আইন বা সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা হাইকোর্টে চ্যালেঞ্জ করার সুযোগ থাকে। কিন্তু ট্রাইব্যুনালের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত সম্ভাব্য কোনো বৈধতা বা তর্কের প্রশ্ন সুরাহার জন্য ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণই সংগত হবে বলে আইনবিদেরা মনে করেন। তাঁদের যুক্তি, সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে বলা আছে, এ সংক্রান্ত ‘কোনো আইন বা আইনের বিধান’ বাংলাদেশ সংবিধানের ‘কোনো বিধানের সহিত অসামঞ্জস্য বা তাহার পরিপন্থী’ বিবেচনায় বাতিল বা বেআইনি হবে না। মূল আইন শুধু ট্রাইব্যুনালের রায় বা দণ্ডের বিরুদ্ধে আপিল বিভাগে সরাসরি আপিলের সুযোগ রেখেছে।প্রশ্নের জবাবে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী প্রথম আলোকে বলেন, ‘সব কার্যবিধিতেই সংশোধনের একটি ধারা থাকে। আশা করা যায়, যথারীতি এটিতেও থাকবে। তবে এর কোনো ধারার যথার্থতা অন্য কোনো ফোরামে যাচাই করার সুযোগ নেই।’দায়িত্বশীল সূত্রে জানা যায়, ওই বিধিতে অভিযুক্তদের অধিকার ও ন্যায়বিচার পাওয়ার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনসহ (আইবিএ) বিভিন্ন মানবাধিকার সংগঠনের মতামত যতটা সম্ভব সমন্বয়ের চেষ্টা করা হয়েছে বলেও জানা যায়। আইনমন্ত্রী শফিক আহমেদ সম্প্রতি আইবিএর সুপারিশের বিষয়ে ড. কামাল হোসেন, আমীর-উল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদের মতামত নেন। তাঁরা অভিমত দেন যে আইবিএর সুপারিশের মধ্যে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের কিছু শর্ত বাস্তবায়নের কথা বলা আছে। তাঁদের প্রস্তাবিত সংশোধনীর কিছু বিষয় ট্রাইব্যুনাল তার নিজস্ব কার্যবিধি প্রণয়নের মাধ্যমে সুরক্ষা দিতে পারে।দায়িত্বশীল সূত্রগুলোর মতে, নতুন কার্যবিধির কয়েকটি বিশেষ দিক হলো—ক. কোনো অভিযুক্ত ব্যক্তি যদি আইনজীবী দিতে অসমর্থ হন তাহলে ট্রাইব্যুনালই আইনজীবী নিয়োগের বিষয়টি নিশ্চিত করবেন। আইবিএর ১৭ দফা সংশোধনী প্রস্তাবে এ বিষয়ে ১৯৭৩ সালের মূল আইনে সংশোধনী আনতে বলা হয়েছিল। এখন এটি বিধির মাধ্যমে পূরণ করা সম্ভব হলো। খ. যুদ্ধাপরাধের দায়ে কোনো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিক তদন্ত পর্যায়েও খারিজ হওয়ার সুযোগ থাকছে। এমনকি তদন্ত স্তর পেরিয়ে প্রসিকিউশন পর্যায়ে পৌঁছালে প্রসিকিউশনও অভিযোগ থেকে অব্যাহতি দিতে পারবে। তবে সব ক্ষেত্রেই ট্রাইব্যুনালের অনুমোদন লাগবে। গ. ১৯৭৩ সালে যখন আইন করা হয়, তখন বিচার বিভাগ পৃথক ছিল না। তাই আইনের ১৪ ধারায় শুধু প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কথাটি লেখা আছে। ২০০৯ সালে এই আইনের সংশোধনের সময়ও এ বিষয়টি নজর এড়িয়ে যায়। তাই বিধিতে বলা হয়েছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে প্রথম শ্রেণীর বিচারিক হাকিম। সারা দেশের প্রথম শ্রেণীর হাকিমেরা অভিযুক্ত ব্যক্তিদের বিবৃতি কিংবা স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন। এটা করার আগে অভিযুক্তকে তিনি যথারীতি বুঝিয়ে বলবেন যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য নন। এ ক্ষেত্রে দেশের বিচারিক হাকিমদের জন্য একটি নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে। সেটা হলো, তারা এ ক্ষেত্রে ১৮৯৮ সালের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হবেন না। তারা যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধি অনুযায়ী চলবেন। মামলা আমলে নেওয়ার দায়িত্ব পালন করবেন ট্রাইব্যুনাল। প্রচলিত আইনে আগে মামলা দায়ের করা হয়, পরে তদন্ত হয়। আর ১৯৭৩ সালের আইনের আওতায় আগে হবে তদন্ত। পরে দায়ের করা হবে মামলা।