ট্রাইব্যুনাল থেকে কারাগারে আজহারুল
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। আগামী রোববার তাঁর জামিন আবেদনের ওপর আদেশ দেওয়া হবে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তাঁর জামিন আবেদনের ওপর শুনানি হয়।আজ বেলা সাড়ে ১১টার দিকে মিন্টো রোডের গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে আজহারুলকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।আজহারুলের জামিন আবেদনের শুনানি করেন আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক। শুনানিতে তিনি বলেন, আজহারুলের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে। সব কটি মামলাতেই তিনি নিম্ন আদালত ও হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। নিম্ন আদালত ও উচ্চ আদালত মনে করেননি যে তিনি জামিনের পর পালিয়ে যাবেন। তাই তাঁকে জামিন দেওয়া যায়। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল-মালুম জামিনের বিরোধিতা করে বলেন, ট্রাইব্যুনালের আইনে জামিন দেওয়ার বিধান নেই।শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য রোববার দিন ধার্য করেন এবং আজহারুল ইসলামকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ টি এম আজহারুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়ে আদেশে বলা হয়, গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। গ্রেপ্তারের সময় তাঁর শারীরিক অবস্থাও বিবেচনায় রাখতে হবে।ট্রাইব্যুনালের আদেশের পর বেলা দুইটার দিকে রমনা থানার পুলিশ এ টি এম আজহারুলকে বড় মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করে মিন্টো রোডে গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যায়।এ টি এম আজহারুল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামায়াতের অষ্টম শীর্ষস্থানীয় নেতা। একই অভিযোগে কারাগারে আটক রয়েছেন জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী।