আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর গতকাল বুধবার দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের। আর ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগের প্রস্তাব করা হয়েছে।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই দুই ট্রাইব্যুনালে জামায়াত ও বিএনপির নয় নেতার বিচার চলছে। পৌনে তিন বছর ধরে চলা বহু কাঙ্ক্ষিত এই বিচার-প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে বিচারপতি নিজামুল হকের স্কাইপে আলাপনের সূত্র ধরে। ইন্টারনেটে কথা বলার সফটওয়্যার স্কাইপের মাধ্যমে এই বিচারপতি ট্রাইব্যুনাল-সংক্রান্ত নানা পরামর্শ করেছেন বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে। গণমাধ্যমে আসা সেই কথোপকথন নিয়ে সৃষ্ট বিতর্কে মঙ্গলবার ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ান তিনি।এই অবস্থায় গতকাল সকালে ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হলে আসামি গোলাম আযম ও সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীরা নতুন চেয়ারম্যান না আসা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবির আবেদন জানান। ঘণ্টা খানেক চলার পর দুটি মামলার শুনানি মুলতবি করা হয়। তবে ট্রাইব্যুনাল-২-এ পুরো সময় শুনানি চলে।গতকাল ট্রাইব্যুনালে উপস্থিত জামায়াত নেতাদের আইনজীবী ও স্বজনদের কিছুটা উৎফুল্ল দেখা গেছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও ট্রাইব্যুনালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একধরনের স্নায়ুচাপ লক্ষ করা গেছে।বেলা একটার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ ব্রিফিং করে বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন মামলাগুলোর নতুন করে বিচারকাজ শুরু করার দাবি তোলেন। আর জামায়াতে ইসলামী এক বিবৃতিতে মানবতাবিরোধী অপরাধের বিচারকাজই বন্ধ করার দাবি তুলেছে। সরকার মনে করছে, এই বিচারকে বাধাগ্রস্ত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। বিএনপির সমর্থন পেয়ে জামায়াত বেপরোয়া হয়ে উঠেছে। এর মধ্যে স্কাইপে কথোপকথন সরকারকে পেছনে ঠেলে দিয়েছে।তবে বিচারপতি নিজামুল হকের পদত্যাগের কারণে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রমে কোনো সমস্যা হবে না বলে মনে করেন বিশেষজ্ঞ ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। দ্রুত এই বিচার শেষ করার তাগিদ দিয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিতর্কের অবকাশ নেই। এ কাজে সবাইকে সতর্ক থাকতে হবে। একই ধরনের মত দিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম জহির বলেন, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান পদ ছেড়ে চলে গেছেন। অন্য কেউ তাঁর দায়িত্ব গ্রহণ করবেন। এতে বিচারে কোনো সমস্যা হবে না। প্রায় একই মত ব্যক্ত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরাও। পুনর্গঠন: বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পরই সরকার দুটি ট্রাইব্যুনাল পুনর্গঠনের কাজ শুরু করেছে। আইন মন্ত্রণালয় গতকাল বুধবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং ট্রাইব্যুনাল-২-এর সদস্য বিচারপতি ওবায়দুল হাসানকে ওই ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগের প্রস্তাবসহ সারসংক্ষেপ রাষ্ট্রপতি বরাবর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে। তাতে ট্রাইব্যুনাল-২-এর নতুন সদস্য হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নাম প্রস্তাব করা হয়েছে।আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এসব নাম প্রস্তাব করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন শেষে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। মন্ত্রণালয়ের সূত্র জানায়, আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হতে পারে।ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম: গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চেয়ারম্যান ছাড়াই ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম শুরু হয়। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে দুই সদস্যের এই ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারপতি আনোয়ারুল হক। শুরুতেই ট্রাইব্যুনাল বলেন, দুই পক্ষের (রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ) আইনজীবীদের কেউ ট্রাইব্যুনালের কোনো কর্মচারীর সঙ্গে কথা বলতে পারবেন না। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে ব্যবস্থা নেওয়া হবে। কোনো আইনজীবী বা সাংবাদিক ইলেকট্রনিক কোনো যন্ত্র নিয়ে এজলাসে বা রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকতে পারবেন না। ট্রাইব্যুনালের সম্মানহানি হয়, এমন কোনো কাজ না করতে বলা হয় সাংবাদিকদের।গতকাল এই ট্রাইব্যুনালে গোলাম আযমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী এহসান এ সিদ্দিকী মামলার কার্যক্রম মুলতবির আরজি জানিয়ে বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলতে পারে না। ট্রাইব্যুনাল বলেন, চেয়ারম্যানের পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে সংবাদ বেরিয়েছে। কিন্তু এ-সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন ট্রাইব্যুনালের হাতে আসেনি। নথি না আসা পর্যন্ত চেয়ারম্যানের পদ খালি নয়। আসামিপক্ষের আইনজীবী উত্তেজিত ভঙ্গিতে কার্যক্রম মুলতবির আরজি জানালে ট্রাইব্যুনাল তাঁকে বসার নির্দেশ দেন। পরে আইনজীবী তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।ট্রাইব্যুনাল বলেন, চেয়ারম্যানের পদত্যাগের যুক্তিতে কোনো মুলতবি হবে না। আসামিপক্ষের লিখিত আবেদনের বিষয়বস্তুর পরিপ্রেক্ষিতে মুলতবি হতে পারে। পরে এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।কার্যতালিকার দ্বিতীয়তে ছিল বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৭তম সাক্ষীর ‘ক্যামেরা ট্রায়ালে’ সাক্ষ্য গ্রহণ। ক্যামেরা ট্রায়ালে বিচারক, দুই পক্ষের নির্দিষ্টসংখ্যক আইনজীবী ও আসামি ছাড়া আর কেউ উপস্থিত থাকতে পারেন না। এ সময় আসামিপক্ষের প্রধান আইনজীবী আহসানুল হক ক্যামেরা ট্রায়ালের বিরোধিতা করে বলেন, সাক্ষী একজন পুরুষ। তিনি ধর্ষণের শিকার হননি যে ক্যামেরায় সাক্ষ্য নিতে হবে। ট্রাইব্যুনাল বলেন, ক্যামেরায় সাক্ষ্য গ্রহণের বিষয়ে আগেই আদেশ দেওয়া আছে। তখন আসামিপক্ষ বিরোধিতা করেনি। ট্রাইব্যুনাল সাক্ষ্য গ্রহণের জন্য আসামিকে এজলাসে ওঠানোর নির্দেশ দেন।ক্যামেরা ট্রায়ালের নিয়ম অনুসারে সাংবাদিকেরা যখন এজলাস থেকে বেরিয়ে যাচ্ছিলেন, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাকা চৌধুরীকে নিয়ে এজলাসে ঢোকেন। কাঠগড়ায় ঢোকার আগেই তিনি বলে ওঠেন, ‘কিসের ক্যামেরা ট্রায়াল? বসে বসে স্কাইপি করেন...।’কিছুক্ষণ পর সাকা চৌধুরীকে এজলাস থেকে নামিয়ে হাজতখানায় এনে রাখা হয়। পরে জানা যায়, আসামিপক্ষের আইনজীবীরা এজলাসে উপস্থিত না থাকায় এ মামলার কার্যক্রম ১৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, চেয়ারম্যান পদত্যাগ করায় এই ট্রাইব্যুনালের এখন কোনো অস্তিত্ব নেই। কারণ, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৬(১) ধারা অনুসারে একজন চেয়ারম্যান এবং সর্বনিম্ন দুজন ও সর্বোচ্চ চারজন সদস্য দিয়ে ট্রাইব্যুনাল গঠিত হতে হবে। অস্তিত্ব না থাকলে কেন সেই ট্রাইব্যুনালের কাছে মামলার কার্যক্রম মুলতবির আরজি জানালেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু আমরা আইনজীবী, তাই আমাদের অনেক কিছু মেনে চলতে হয়। এখানে বিদ্রোহ করা সম্ভব নয়।’সার্বিক বিষয় নিয়ে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে বলেন, ‘বিচারপতি নিজামুল হকের পদত্যাগের এই পুরো প্রক্রিয়াই খুব হতাশাজনক। তিনি যে কাজ করেছেন, তা লজ্জাজনক। পুরো বিচার বিভাগে কালিমা লেপন করেছেন। তবে পদত্যাগ করে তিনি বিচার বিভাগের মানও রক্ষা করেছেন।’ রফিক-উল হক বলেন, ‘শোনা যাচ্ছিল, এ মাসেই একটা রায় ঘোষিত হবে, এখন আর সেটা সম্ভব নয়। তবে একটু দেরি হোক, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু একটা স্বচ্ছ প্রক্রিয়ায় সব হোক, এটাই চাই। জামায়াত বিচারের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চেয়েছে। সেদিক দিয়ে ওরা সফল হলো।’