ট্রাইব্যুনাল বন্ধ করে দেওয়ার হুমকি জামায়াতের
বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর আবারও মানবতাবিরোধী অপরাধের বিচার বন্ধ করার দাবি তুলেছে জামায়াতে ইসমালী। অন্যথায় জনগণই সরকারের এই অবৈধ ট্রাইব্যুনালের বেআইনি ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধ করতে সরকারকে বাধ্য করবে বলেও হুমকি দিয়েছে দলটি।আজ বুধবার রাতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘কথিত অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করে আমীরে জামায়াত মওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ-নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে’। এছাড়া বিচারপতি নিজামুল হকের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়। শফিকুর রহমান বলেন, ‘কথিত অপরাধ ট্রাইব্যুনালের আগে ‘আন্তর্জাতিক’ শব্দ থাকলেও যে আইনে জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করা হচ্ছে তা তো আন্তর্জাতিক মানে উত্তীর্ণ নয়ই বরং এ বিচার প্রক্রিয়ায় দেশীয় মানও রক্ষা করা হয়নি। তাই ১৯৭৩ সালের আইনের মাধ্যমে কোন বাংলাদেশি নাগরিকের বিচার হবে মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। সম্প্রতি সদ্য পদত্যাগী ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক স্কাইপ কেলেঙ্কারির মাধ্যমে কথিত বিচারের আসল রহস্য উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করেছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন বন্ধ, অবৈধ ও বিতর্কিত ট্রাইব্যুনাল বাতিল, আইনমন্ত্রী, প্রতিমন্ত্রীর পদত্যাগ, বিচারপতি নিজামুল হকের বিচার, বিচারপতি এস কে সিনহাসহ জড়িত বিচারকদের পদত্যাগ ও বিচার, প্রোসিকিউশন টিম বাতিল, সুনির্দিষ্টভাবে অভিযুক্তদের বিচারের আওতায় আনা এবং কথিত যুদ্ধাপরাধের দায়ে আটক আমীরে জামায়াত মওলানা মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণই সরকারের অবৈধ ট্রাইব্যুনালের বেআইনি ও ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধ করতে সরকারকে বাধ্য করবে।‘