জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বর্জন করেছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের বিচারিক কার্যক্রমে অংশগ্রহণের ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত তাঁরা বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না বলে জানিয়েছেন।সাঈদীর বিরুদ্ধে গঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন উপস্থাপিত হয়নি মর্মে ট্রাইব্যুনাল খারিজ করেছেন। গতকাল ছিল এ আবেদন শুনানির ধার্য দিন।সকাল সাড়ে ১০টার দিকে তিন সদস্যের ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম দুটি আবেদন উপস্থাপন করেন। প্রথমটিতে বিচারিক কার্যক্রমে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের অংশগ্রহণের ব্যাখ্যা চাওয়া হয়। আবেদনে বলা হয়, গত ১৪ নভেম্বর ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছিল, চেয়ারম্যান বিচারিক কার্যক্রমে অংশ নেবেন কি না, তা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এখন কোন বিবেচনায় চেয়ারম্যান বিচারকাজে অংশ নিচ্ছেন, তা ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় আবেদনে বলা হয়, প্রথম আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার শুনানি মুলতবি রাখা হোক।এ সময় ট্রাইব্যুনাল বলেন, ২০ নভেম্বর এই আবেদনগুলোর শুনানি হবে। এখন পুনর্বিবেচনার আবেদনের শুনানি হবে। তাজুল ইসলাম এর বিরোধিতা করে বলেন, চেয়ারম্যান কেন বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন, তার ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত পুনর্বিবেচনার আবেদনের শুনানি হতে পারে না। ট্রাইব্যুনাল ধার্য অনুযায়ী শুনানি করতে চাইলে তাজুল ইসলামসহ আসামিপক্ষের সব আইনজীবী ট্রাইব্যুনালের কার্যক্রম বর্জন করে এজলাসকক্ষ ত্যাগ করেন।পরে ট্রাইব্যুনাল আদেশে বলেন, সকাল সাড়ে ১০টায় আসামিপক্ষের আইনজীবী দুটি আবেদন রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দিয়েছেন। আবেদন দুটির শুনানি হবে ২০ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন দুটির বিষয়বস্তু সম্পর্কে ট্রাইব্যুনাল এখনো অবহিত নন। পুনর্বিবেচনার আবেদনের শুনানি বুধবার পুনর্নির্ধারিত থাকার পরও তাজুল ইসলামসহ অন্য আইনজীবীদের এই আচরণ অপ্রত্যাশিত ও অসংগতিপূর্ণ। পুনর্বিবেচনার আবেদন উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করা হলো।তাজুল ইসলাম পরে সাংবাদিকদের বলেন, ট্রাইব্যুনালের চেয়ারম্যান কোন বিষয়টি বিবেচনা করে তাঁর পদে থাকছেন, এর সুস্পষ্ট ব্যাখ্যা দিতে তিনি আইনগতভাবে ও নৈতিকভাবে বাধ্য। যে আবেদনে ওই ব্যাখ্যা চাওয়া হয়েছে, তার শুনানি না হওয়া পর্যন্ত আসামিপক্ষের আইনজীবীরা বিচারিক কার্যক্রমে অংশ নেবেন না।রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, বিচারিক কার্যক্রম বর্জনের মধ্য দিয়ে আসামিপক্ষ ট্রাইব্যুনালকে অবমাননা করেছেন। এটি বিচার বিলম্বিত করার একধরনের কৌশল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ আল-মালুম প্রথম আলোকে বলেন, আদালতের অনুমতি ছাড়া কোনো আইনজীবী বিচারিক কার্যক্রম থেকে সরে যেতে পারেন না। আসামিপক্ষের আইনজীবীদের ট্রাইব্যুনাল বর্জনের ঘটনা আদালত অবমাননার সমান। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা এর বিরুদ্ধে ট্রাইব্যুনাল অবমাননার আবেদন করার চিন্তা করছেন।সাকা চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন হতে পারে আজ: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থাপন করা হতে পারে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ১৪ নভেম্বর তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে জমা দেন।