ট্রাইব্যুনাল বসছে জামায়াতের চার নেতার গ্রেপ্তার শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর চার নেতাকে গ্রেপ্তার দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। গতকাল রোববার ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা এ আবেদন করে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্য আজ সকাল সাড়ে ১০টায় এ আবেদনের শুনানি গ্রহণ করবেন। যে চারজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে তাঁরা হলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। গতকাল সকালে প্রসিকিউশন শাখার আইনজীবীরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের মাধ্যমে আবেদনটি করেন। দুপুরে রেজিস্ট্রার শাহিনুর ইসলাম জানান, ট্রাইব্যুনাল আজ শুনানির দিন ধার্য করেছেন। আবেদনের পর প্রসিকিউশন শাখার প্রধান গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, তদন্ত সংস্থা যাতে অভিযোগের সুষ্ঠু ও যথাযথ তদন্ত ও অনুসন্ধান করতে পারে, সে জন্য আইনসিদ্ধ পদক্ষেপ নেওয়ার আবেদন করা হয়েছে। জামায়াতের চার নেতার নাম উল্লেখ করে তিনি বলেন, তাঁরা যাতে পালিয়ে যেতে না পারেন, তদন্তকাজে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারেন, সে জন্য পদক্ষেপ নিতে আবেদনটি করা হয়। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত কার্যালয়ে গোলাম আরিফ বলেন, ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩ (২) ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ, গণধর্ষণের অভিযোগের তদন্ত সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ট্রাইব্যুনালে আবেদনটি করা হয়। এ গ্রেপ্তার পল্লবী থানায় করা মামলার সংশ্লিষ্টতায় হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘পল্লবী থানার মামলা নিয়ে মাথা ঘামাচ্ছি না। পল্লবী থানার মামলা আমাদের বেবি (বিবেচ্য) নয়। আমাদের বেবি হচ্ছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ।’ কী ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আটকাদেশ হতে পারে, গ্রেপ্তারও হতে পারে।’ তিনি বলেন, এটি বিবিধ আবেদন। রেজিস্ট্রার কার্যালয়ের মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদনটি করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনালের আইনজীবী শাখার সদস্য সৈয়দ রেজাউর রহমান, সৈয়দ হায়দার আলী, আবদুর রহমান হাওলাদার, আলতাফউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।বেলা আড়াইটায় রেজিস্ট্রার শাহিনুর ইসলাম সাংবাদিকদের জানান, অভিযোগের ভিত্তিতে তদন্তকাজ শুরু করেছে তদন্ত সংস্থা। এটি বিবিধ মোকদ্দমা (মিসলেনিয়াস কেস নম্বর-০১/২০১০) হিসেবে নিবন্ধিত হয়েছে। ট্রাইব্যুনাল এ বিষয়ে শুনানির জন্য আজ সোমবার সকাল সাড়ে ১০টায় সময় নির্ধারণ করেছেন। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুর রহিম গতকাল প্রথম আলোকে জানান, মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে চারজনকে গ্রেপ্তার দেখানোর জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হয়। আইন অনুসারে আইনজীবী শাখার মাধ্যমে আবেদন করতে হয়। এর আগে গত বৃহস্পতিবার আবেদনটি আইনজীবী শাখায় পাঠায় তদন্ত সংস্থা। নিরাপত্তা: নিরাপত্তার অংশ হিসেবে ইতিমধ্যে ট্রাইব্যুনালের মূল প্রবেশপথে বসানো হয়েছে দুটি আর্চওয়ে। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে গতকাল সকাল থেকেই পুলিশ সদস্যদের সক্রিয় দেখা যায়। দুপুর ১২টার দিকে রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায়ের নেতৃত্বে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনালিসা বেগম ও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে ট্রাইব্যুনালে আসেন। কৃষ্ণপদ রায় সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বিচার কার্যক্রম শুরু, শুনানিসহ বিশেষ ক্ষেত্রে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হবে।কামারুজ্জামান আরও একটি মামলায় গ্রেপ্তার: আমাদের আদালত প্রতিবেদক জানান, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের কাজে বাধা ও সারা দেশে আগুন জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করা হবে—এমন হুমকি দেওয়ার অভিযোগে শাহবাগ থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ গতকাল কামারুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে কামারুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ নিয়ে কামারুজ্জামানকে ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো। তিনি বর্তমানে কারাগারে আছেন।