ট্রাইব্যুনাল ভেঙে নেতাদের মুক্তি দাবি জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘অবৈধ’ দাবি করে তা ভেঙে দিয়ে আটক নেতাদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন হুমকি দিয়েছেন, অন্যথায় হরতালের চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে।আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শাপলা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে সেলিম উদ্দিন এ কথা বলেন।এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টার দিকে বিজয়নগরের নাইটিংগেল মোড় থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল নিয়ে শাপলা চত্বরে যান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আজকের প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।গতকাল শুক্রবার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। গত বৃহস্পতিবার হরতাল চলাকালে সারা দেশে পুলিশের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাস সৃষ্টি এবং বগুড়ায় জামায়াত ও ছাত্রশিবিরের চারজন নেতা-কর্মীকে হত্যার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়।আজকের সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর কমিটির আরেকজন সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, পুলিশ হামলা না করলে জামায়াত-শিবিরের কর্মীরা যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন, আজ তা প্রমাণিত হলো। তিনি শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাইটিংগেল মোড় থেকে শাপলা চত্বর পর্যন্ত জামায়াত-শিবিরের প্রায় হাজার খানেক নেতা-কর্মী এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়নি। জামায়াত-শিবিরের কর্মীরাও কোনো ইটপাটকেল ছোড়েননি। আজকের এই কর্মসূচিতে জামায়াতের মহানগর কমিটির শীর্ষপর্যায়ের একাধিক নেতা অংশ নেন বলে জানা গেছে।