যুদ্ধাপরাধী গ্রেপ্তার প্রসঙ্গে সাহারা
ট্রাইব্যুনাল যেভাবে চাইবে সে ব্যবস্থা নেওয়া হবে
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের নেতা মীর কাসেম আলীকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। একটি তদন্ত দলও রয়েছে। তদন্ত দল গিয়ে আদালতে প্রতিবেদন ও অভিযোগ পেশ করবে। আদালত যেভাবে মনে করেন, সেভাবে কার্যক্রম নেওয়া হবে। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। এ দুইজনকে গ্রেপ্তার প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপেক্ষা করুন, দেখবেন। ব্রিফিং শেষে স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ ছাড়া সাংসদ ফজলে করিম চৌধুরী, সাংসদ চেমন আরা তৈয়ব এবং নগর উত্তর জেলা ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যথাক্রমে কাজী ইনামুল হক দানু, এম এ সালাম, মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সঙ্গে অনেক ক্ষেত্রে দলীয় নেতাদের সমন্বয় নেই বলে অভিযোগ করেন মোছলেম উদ্দিন। তিনি বলেন, ‘অনেক সময় আমাদের নিজেদের মধ্যকার দূরত্বের সুযোগ নিচ্ছেন সরকারি কর্মকর্তারা। পাবনার ঘটনাটি চক্রান্ত বলে মনে হয়েছে। আমাদের দলের যাঁরা ঘটনা ঘটিয়েছেন, তাঁরা ভালো কাজ করেননি। আবার সরকারি প্রশাসনে যাঁরা ছিলেন, তারাও একটু ব্যথা লাগল কি লাগল না, মাঠে লুটিয়ে পড়লেন।’ চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় কোন্দলে এক যুবলীগের কর্মীর নিহত হওয়ার ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, দলীয় কোন্দল কিংবা যে কোন্দলই হোক, এর কারণে যদি কোনো হতাহতের ঘটনা ঘটে, তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধু হত্যার ছয় আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে উল্লেখ করে বলেন, একে একে সব হত্যাকাণ্ডের বিচার করা হবে। গ্রেনেড হামলা, কিবরিয়া হত্যা, আহসানউল্লাহ মাস্টার হত্যাকাণ্ড, দশ ট্রাক অস্ত্র মামলার সুষ্ঠু বিচার করা হবে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে নেতারা মন্ত্রীকে পুলিশ বিভাগে দলীয় নেতা-কর্মীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া এবং রাজনৈতিক মামলা প্রত্যাহারে সহযোগিতার অনুরোধ জানান।