ট্রাইব্যুনাল সংশোধনী বিলে রাষ্ট্রপতির স্বাক্ষর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল-২০১৩-এ স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি। আজ সোমবার তিনি এই বিলে স্বাক্ষর করেন। এর ফলে সংসদ থেকে পাঠানো বিলটি আইনে পরিণত হলো। এখন সরকার গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর করবে।

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) জয়নাল আবেদিন প্রথম আলো ডটকমকে জানান, ‘বিলে রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন। এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর প্রক্রিয়া চলছে।’আইনটি পাস হওয়ায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচার করা যাবে। অর্থাত্, রাজনৈতিক সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীকেও যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের আওতায় আনা যাবে। এ ছাড়া আইনে সরকার ও বাদীপক্ষের আপিল করার সমান সুযোগের ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির কথা বলা হয়েছে আইনে। আইনটি ২০০৯ সালের ১৪ জুলাই থেকে কার্যকর হবে।আগে সরকারপক্ষের শুধু খালাসের বিরুদ্ধে আপিল করার সুযোগ ছিল। আইনে শাস্তি কমানোর জন্য বাদীপক্ষের আপিলের সুযোগ থাকলেও শাস্তি বাড়ানোর জন্য আপিল করার কোনো সুযোগ সরকারপক্ষের ছিল না। এখন যেকোনো রায়ের বিরুদ্ধে সরকার আপিল করতে পারবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণিত হয়। এ রায় ঘোষণার পরপরই তরুণ প্রজন্ম বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা রায় প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে। কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ১৪ দিন ধরে রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি করে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। ইতিমধ্যে তারুণ্যের এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে।রায়ের পরপরই রাষ্ট্রপক্ষ আপিল করার ঘোষণা দিয়েছিল। কিন্তু পরে জানা যায়, ওই আইনে শুধু যে অভিযোগ থেকে কাদের মোল্লা খালাস পেয়েছেন, একমাত্র তার বিরুদ্ধেই আপিল করতে পারবে সরকার। এ অবস্থায় বিদ্যমান আইনে সংশোধনীর সিদ্ধান্ত নেয় সরকার।গত সোমবার আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। বুধবার বিকেলে সংসদ অধিবেশনের শুরুতে আইনমন্ত্রী বিলটি উত্থাপন করেন। পরে এক দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে বিলটি আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়। রাতেই সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে কমিটি বৈঠকে বসে প্রতিবেদন চূড়ান্ত করে। যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার সংসদে প্রতিবেদন জমা দেয় আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া প্রতিবেদনটি উপস্থাপন করেন। গতকাল রোববার সেটি সংসদে পাস হয়।