ট্রাইব্যুনাল হরতালে বসে থাকবে না
হরতালের কারণে আসামিপক্ষের আইনজীবীরা না এলে ট্রাইব্যুনাল বসে থাকবে না বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল-২।জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে জেরা করার কথা ছিল আসামিপক্ষের। অথচ আদালত-নির্ধারিত এ দিনে আসামিপক্ষের আইনজীবী হরতালের দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুপস্থিত থাকলে ট্রাইব্যুনাল হরতালের মধ্যেও কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলেন।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ হরতালের দিনে মুজাহিদের মামলা পরিচালনাকারী আইনজীবী সৈয়দ মিজানুর রহমান উপস্থিত হননি। অপর এক কনিষ্ঠ আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালে বলেন, ‘মিজানুর রহমান ব্যক্তিগত কারণে আসতে পারেননি। বৃহস্পতিবার তিনি ঢাকা থেকে ফরিদপুরে যাবেন।’ তাই তিনি বৃহস্পতিবার পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করার আরজি জানান। এ সময় ট্রাইব্যুনাল জিজ্ঞাসা করেন, ‘হরতালে মিজানুর রহমান ঢাকা থেকে ফরিদপুরে যাবেন আর ট্রাইব্যুনালে আসতে পারবেন না?’ট্রাইব্যুনাল বলেন, ‘এভাবে আপনারা হরতালে না এসে আপনাদের মক্কেলের প্রতি অবিচার করছেন। দেশ স্বাধীনের পরে দেখাতে পারবেন কোনো আইনজীবী হরতালে নিরাপত্তাহীনতায় পড়েছেন? আপনারা চাইলে পুলিশি নিরাপত্তা নিতে পারেন। কিন্তু সেটাও নিচ্ছেন না, আবার হরতালের দিন আসছেনও না। এতে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে। আপনাদের বারবার বলা হচ্ছে হরতালে অনুপস্থিত থাকবেন না। আর এভাবে না এলে আমরা তো বসে থাকব না। আমাদের সিদ্ধান্ত দিয়ে দেব। তখন আপিল বিভাগে গিয়ে বলবেন, আপনাদের সময় দেওয়া হয়নি। কিন্তু রায়ে আপনাদের এভাবে দিনের পর দিন অনুপস্থিত থাকার কথা উল্লেখ থাকবে। এভাবে ফ্রি স্টাইলে চলতে পারে না।’ট্রাইব্যুনাল আরও বলেন, ‘আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের না হয় একটি রাজনৈতিক পরিচয় আছে, তিনি আসতে পারেন না। কিন্তু সৈয়দ মিজানুর রহমানকে রাস্তায় কতজন মানুষ চেনেন? তিনি কেন আসতে পারবেন না?’পরে আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদকে ট্রাইব্যুনাল বলেন, ‘অতীতে আপনাদের অনুরোধে অনেকবার আমরা মামলার কার্যক্রম মুলতবি করেছি। কিন্তু এভাবে হরতালে আপনার আইনজীবী না এলে আমাদের মামলার কার্যক্রম চালিয়ে যেতে হবে। আলীমের আইনজীবীরা নিরাপত্তা চেয়েছেন, আমরা দিয়েছি। চাইলে আপনার আইনজীবীরা পুলিশি নিরাপত্তা নিতে পারেন। আপনার আইনজীবীদের নিয়মিত ট্রাইব্যুনালে আসতে বলবেন।’পরে ট্রাইব্যুনাল ১৫ এপ্রিল পর্যন্ত এ মামলার কার্যক্রম মুলতবি করে বলেন, ‘এবারের মতো শেষ সুযোগ দেওয়া হচ্ছে। ওই দিন যেকোনো অবস্থাই থাক না কেন, আপনার আইনজীবীদের আসতে বলবেন।’