ট্রাইব্যুনাল হুমকিতে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হুমকিতে আছে। ট্রাইব্যুনালের বিচারক থেকে শুরু করে তদন্ত সংস্থার কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাকে প্রতিনিয়ত হুমকির সম্মুখীন হতে হচ্ছে।তিনি বলেন, ‘আমরাও সর্বদা হুমকিতে আছি। ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিতে আসছে, তাদেরও হুমকি দেওয়া হচ্ছে।’ খবর বাসসের। আজ রোববার মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক আসামিদের মধ্যে ১০ জনের বিচারকাজ ২০১৩ সালের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেন শাহরিয়ার কবির। তিনি বলেন, ট্রাইব্যুনালে এখনো জনবলসহ বিভিন্ন সমস্যা রয়েছে। লজিস্টিক সাপোর্ট বাড়ানোর ওপর জোর দেন তিনি। এ বিষয়ে ব্যবস্থা নিতে তিনি সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম-’৭১, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চের নেতারা আজ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। শাহরিয়ার কবিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন প্রজন্ম-’৭১-এর ভাইস প্রেসিডেন্ট শাহীন রেজা নূর, ঘাতক দালাল নির্মূল কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা গোলাম আযম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদী, মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা এবং বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আবদুল আলীমের বিরুদ্ধে বিচারকাজ চলছে। এ ছাড়া জামায়াতের নেতা মীর কাসেমের বিরুদ্ধে তদন্ত চলছে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে তাঁর বিষয়ে তদন্ত শেষ করতে ট্রাইব্যুনালের নির্দেশ রয়েছে। তিনি কারাগারে আটক রয়েছেন। মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধেও তদন্ত চলছে। তাঁর ব্যাপারে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। বর্তমানে তিনি পলাতক।