ট্রাইব্যুনাল-১-এ বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর নতুন বিচারক হিসেবে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ বুধবার এ নিয়োগ দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।একই সঙ্গে অপরাধ ট্রাইব্যুনাল-১-এর অব্যাহতি চাওয়া বিচারপতি এ কে এম জহির আহমেদের অব্যাহতিপত্র গ্রহণ করা হয়েছে।এ কে এম জহির আহমেদ গতকাল মঙ্গলবার অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চান। গতকাল নিজেই আইন মন্ত্রণালয়ে গিয়ে অব্যাহতিপত্র দেন। একই দিন তাঁর জায়গায় নিয়োগের জন্য হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করা হয়।আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জহির আহমেদের পায়ে সমস্যা আছে। তাঁর হাঁটতে ও বেশিক্ষণ বসে থাকতে সমস্যা হয়। ট্রাইব্যুনালের একটি সূত্র জানিয়েছে, রোজার মাসে তিনি ট্রাইব্যুনালে দেরিতে আসতেন। কারণ, তাঁকে নিয়মিত ফিজিওথেরাপি নিতে হতো।২০১০ সালের ২৫ মার্চ মানবতাবিরোধী অপরাধের বিচার করতে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। সেখানে সদস্য হিসেবে নিয়োগ পান বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ জহির আহমেদ।পরে ফজলে কবীরের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়। অব্যাহতি চাওয়ার আগ পর্যন্ত জহির আহমেদ ট্রাইব্যুনাল-১-এ দায়িত্ব পালন করেন। গতকাল বেলা একটা পর্যন্ত তিনি ট্রাইব্যুনালের কাজ করেই মন্ত্রণালয়ে যান।