ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি ফজলে কবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর দুটি ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুসারে, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ টি এম ফজলে কবীরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান ছিলেন।ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান হয়েছেন ওই ট্রাইব্যুনালেরই সদস্য বিচারপতি ওবায়দুল হাসান। নতুন সদস্য হলেন সুপ্রিম কোর্টের বিচারপতি মজিবুর রহমান মিয়া।আজ সকাল সাড়ে ১০টায় বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়। তবে বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার প্রজ্ঞাপন জারির বিষয়টি অবহিত করলে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করে দেওয়া হয়।এ সময় ফজলে কবীর বলেন, ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় কার্যক্রম মুলতবি করা হয়েছে। ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান হিসেবে পরবর্তী কার্যক্রম শুরু করবেন তিনি।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের পদত্যাগের পর গতকাল বুধবার দুটি ট্রাইব্যুনালই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই দুই ট্রাইব্যুনালে জামায়াত ও বিএনপির নয় নেতার বিচার চলছে। পৌনে তিন বছর ধরে চলা এই বিচার-প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেয়েছে বিচারপতি নিজামুল হকের স্কাইপে আলাপনের সূত্র ধরে। ইন্টারনেটে কথা বলার সফটওয়্যার স্কাইপের মাধ্যমে এই বিচারপতি ট্রাইব্যুনাল-সংক্রান্ত নানা পরামর্শ করেছেন বেলজিয়াম-প্রবাসী আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে। গণমাধ্যমে আসা সেই কথোপকথন নিয়ে সৃষ্ট বিতর্কে মঙ্গলবার ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ান তিনি।