ট্রাইব্যুনাল-১ বর্জন করলেন সাঈদীর আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আইনজীবীরা গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম বর্জন করেছেন। তাঁদের দাবি, আসামিপক্ষের এক সাক্ষীকে সাদা পোশাকধারী পুলিশ ধরে নিয়ে গেলেও ট্রাইব্যুনাল কোনো ব্যবস্থা নেননি।তবে রাষ্ট্রপক্ষ বলেছে, এমন ঘটনা ঘটেনি। ট্রাইব্যুনাল বর্জনের অজুহাত তৈরির জন্য আসামিপক্ষ এ কথা বলছে। অপহরণের এ অভিযোগ নিয়ে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে ট্রাইব্যুনালে বাগিবতণ্ডা ও হট্টগোল হয়েছে।গতকাল ট্রাইব্যুনাল-১-এ সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে কার্যক্রমের শুরুতে আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম অভিযোগ করেন, সকাল ১০টার দিকে ট্রাইব্যুনালের ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁর গাড়ি আটকে বলেন, শারীরিক অসুস্থতার জন্য একমাত্র তিনি গাড়িতে করে ঢুকতে পারবেন, অন্য আরোহীদের হেঁটে যেতে হবে। এতে গাড়িতে থাকা অন্য আইনজীবীরা ও আসামিপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালী গাড়ি থেকে নেমে যান। এ সময় সাদা পোশাকধারী কয়েকজন সুখরঞ্জন বালীকে চড় দেন ও টেনেহিঁচড়ে অন্য একটি গাড়িতে তোলেন। তাঁকে পরে পাওয়া যায়নি।ট্রাইব্যুনাল এ সময় রেজিস্ট্রার এ কে এম নাসিরুদ্দীন মাহমুদকে এজলাসে ডাকেন। রেজিস্ট্রার ট্রাইব্যুনালকে জানান, নিরাপত্তার স্বার্থে প্রধান ফটকে সবাইকে তল্লাশি করে ঢোকানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ পর্যায়ে ট্রাইব্যুনাল আদেশে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফকে আসামিপক্ষের করা ‘অপহরণের অভিযোগ’ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এ কাজে প্রধান কৌঁসুলিকে সাহায্য করতে এজলাসে উপস্থিত তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খানকে অনুরোধ করেন ট্রাইব্যুনাল। আদেশের পর গোলাম আরিফ ও হান্নান খান এজলাস ত্যাগ করেন।এরপর ট্রাইব্যুনালে আসামিপক্ষের কয়েকটি অনিষ্পন্ন আবেদনের শুনানি হয়। আসামিপক্ষে শুনানি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক প্রমুখ। বেলা একটার দিকে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি ও তদন্ত সংস্থার সমন্বয়ক এজলাসে ফিরে আসেন। গোলাম আরিফ ট্রাইব্যুনালকে বলেন, তিনি রমনা থানার পুলিশের সব ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, পুলিশ কাউকে ধরেনি। অপহরণের যে অভিযোগ করা হচ্ছে, তেমন কোনো ঘটনা ঘটেনি।এই বক্তব্য শেষ হওয়ার আগেই আসামিপক্ষের আইনজীবীরা এর প্রতিবাদ জানান। এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, বিরতির পর বেলা দুইটার দিকে বিষয়টি দেখা হবে। এ সময়ের মধ্যে ট্রাইব্যুনালও এ বিষয়ে খোঁজ নেবেন। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বিষয়টির তাৎক্ষণিক নিষ্পত্তির দাবি জানান। ট্রাইব্যুনাল তা আমলে না নিয়ে এজলাস ত্যাগ করেন।এ সময় এজলাসে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে বাগিবতণ্ডা ও হট্টগোল শুরু হয়। আসামিপক্ষের কয়েকজন আইনজীবী ‘লায়ার, লায়ার’ বলে চিৎকার করতে থাকেন। রাষ্ট্রপক্ষের কয়েকজন কৌঁসুলি এর প্রতিবাদ জানান। তাঁদের একজন আসামিপক্ষের উদ্দেশে বলেন, ‘এত বড় সাহস...চিফ প্রসিকিউটরকে লায়ার বলেন।’ আসামিপক্ষের এক আইনজীবী বলেন, ‘এক শ-বার বলব, চিফ প্রসিকিউটর লায়ার।’এরপর আসামিপক্ষের আইনজীবীরা একসঙ্গে এজলাস থেকে বেরিয়ে যান। তাঁরা সাংবাদিকদের বলেন, তাঁরা আজকের (সোমবার) মতো ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম বর্জন করছেন। ট্রাইব্যুনালে ফিরবেন কি না, তা মক্কেলের সঙ্গে পরামর্শ করে ঠিক করবেন।তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ট্রাইব্যুনালের দায়িত্ব আইনজীবী ও সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ট্রাইব্যুনাল প্রত্যক্ষদর্শী আইনজীবীদের কথা বিশ্বাস না করে পুলিশের কথা বিশ্বাস করছেন। তাই বোঝা যাচ্ছে, ট্রাইব্যুনাল আমাদের কোনো নিরাপত্তা দেবেন না। আমরা মনে করি, হয়তো এ ধরনের কর্মকাণ্ডের পেছনে ট্রাইব্যুনালের সরাসরি সংশ্লিষ্টতা থাকতেও পারে।’রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী পরে সাংবাদিকদের বলেন, ‘আজ (গতকাল) মামলার যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল, সাক্ষ্য গ্রহণের নয়। সুখরঞ্জন বালী নামে আসামিপক্ষের কোনো সাক্ষীও নেই। তা হলে কী করে তিনি আসামিপক্ষের সঙ্গে থাকেন, তা আমার বোধগম্য নয়। এ অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। আদালত বর্জনের একটি অজুহাত তৈরির জন্য আসামিপক্ষ এ ধরনের কথা বলছে।’ তিনি বলেন, ‘আইনে আদালত বর্জনের বিধান নেই। ওকালতনামা বাতিল না হওয়া পর্যন্ত আইনজীবী মামলা পরিচালনা করতে বাধ্য। তা না হলে সেটি অসদাচরণ হবে।’জানতে চাইলে ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার মেছবাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি ফটকে ছিলাম। মিজানুল ইসলামের সহযোগী আইনজীবীকে ভেতরে ঢুকতে আমি সাহায্য করেছি। তখনো তাঁরা আমার কাছে কোনো অভিযোগ করেননি। ফটকে উপস্থিত প্রত্যক্ষদর্শী, সাংবাদিক ও অন্যদের কাছেও আমি এ ধরনের কোনো অভিযোগ শুনিনি।’রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন: বিরতির পর বেলা দুইটার দিকে ট্রাইব্যুনাল-১-এর কার্যক্রম আবার শুরু হলে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আসামির কাঠগড়ায় সাঈদী হাজির ছিলেন। ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে সাঈদী আরজি জানান, তাঁর আইনজীবীরা উপস্থিত নেই। তিনি যুক্তিতর্কের কিছু বোঝেন না। তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হোক। ট্রাইব্যুনাল বলেন, আইনজীবীরা কেন চলে গেছেন, সেটা তাঁদের জিজ্ঞাসা করবেন। নিয়ম অনুসারে আসামিকে হাজির থাকতে হবে।এরপর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি মামলার সারসংক্ষেপ উপস্থাপন করে প্রথম চারটি অভিযোগের পক্ষে বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ উল্লেখ করেন। এ মামলায় মোট প্রদর্শনী ২৫৯টি।বিকেল সোয়া চারটার দিকে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়।অতিরিক্ত নিরাপত্তা: সকাল থেকে পুরাতন হাইকোর্ট ভবন, হাইকোর্টের মাজারসংলগ্ন এলাকা ও হাইকোর্টের আশপাশে অসংখ্য পুলিশ ও র্যা বের সদস্য মোতায়েন করা হয়। পুরাতন হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্থাপিত হয়েছে। ট্রাইব্যুনালের প্রতিটি ফটকেও ছিল অতিরিক্ত নিরাপত্তা। এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, নাশকতা সৃষ্টির আশঙ্কায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। জামায়াতে ইসলামী যেকোনো মূল্যে এই বিচার প্রতিহত করতে চায়। আসামিপক্ষের সাক্ষীকে অপহরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ফটকের বাইরে থেকে কে কোথায় গিয়েছে, তা তাঁর জানা নেই।কাদের মোল্লার পক্ষে ছয়জন সাক্ষী: বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা ছয়জনে নির্দিষ্ট করে দিয়েছেন। ১১ নভেম্বর থেকে আসামিপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।