ট্রাইব্যুনাল-২ এ আবুল কালামের বিরুদ্ধে পরোয়ানা জারির আবেদন
মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর আনুষ্ঠানিক কার্যক্রম গতকাল রোববার শুরু হয়েছে। প্রথম দিনে এই ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর সাবেক রুকন (সদস্য) আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের শুনানি হয়েছে। ট্রাইব্যুনাল ২ এপ্রিলের মধ্যে তাঁর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন।বেলা সাড়ে তিনটার দিকে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম শুরু হয়। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলাম। কার্যক্রমের শুরুতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী নবগঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও সদস্যদের অভিনন্দন জানান।ট্রাইব্যুনাল উপস্থিত রাষ্ট্রপক্ষের কৌঁসুলি, সাংবাদিক ও পর্যবেক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, আজ (রোববার) থেকে নতুন এই ট্রাইব্যুনালের কাজ শুরু হচ্ছে। সবার সহযোগিতা ছাড়া এর পক্ষে ভালো কাজ করা সম্ভব নয়। ট্রাইব্যুনাল বলেন, এখনো সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য বসার ব্যবস্থা করা যায়নি। এজলাসকক্ষে খুব বেশি লোকের স্থান সংকুলান সম্ভব নয়। এসব সীমাবদ্ধতার মধ্যেই বিচারিক কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনা করার জন্য ট্রাইব্যুনাল সবার সহযোগিতা কামনা করেন।পরে আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনের শুনানি করেন সৈয়দ হায়দার আলী। শুনানিতে তিনি বলেন, ফরিদপুরের বাসিন্দা মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকার উর্দু ভাষায় ভালোভাবে কথা বলতে পারতেন। একাত্তরে তিনি পাকিস্তানি সেনাদের ঘনিষ্ঠ ছিলেন। তিনি প্রথমে শান্তি কমিটি ও পরে রাজাকার বাহিনীতে যোগ দেন। একাত্তরের ২১ এপ্রিল তিনিসহ কয়েকজন রাজাকারের একটি দল পাকিস্তানি সেনাবাহিনীর কাছে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নেন। পরে তাঁরা ফরিদপুরের জসীমউদ্দীন রোডে একটি দোতলা বাড়ি দখল করে নির্যাতনকক্ষ ও রাজাকারদের কার্যালয় স্থাপন করেন। তিনি ফরিদপুর স্টেডিয়ামে হাজার হাজার মানুষকে হত্যা করে মাটিচাপা দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তাঁর নির্দেশে অনেককে সেখানে ধরে আনা হয়, আবার অনেককে তিনি নিজে ধরে আনেন।হায়দার আলী আরও বলেন, একাত্তরের ১১ মে বিকেলে ফরিদপুরের বিশ্বাসবাড়ী এলাকায় আবুল কালাম আযাদ রাজাকারদের নিয়ে হামলা চালান। সেখানে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। রাজাকাররা ৪০-৫০টি ঘর জ্বালিয়ে দেয়, জীবন্ত মানুষকে আগুনে ছুড়ে মারে। হরিপদ সাহাসহ দুই ব্যক্তিকে রাজাকাররা ইট দিয়ে আঘাত করে, পরে আবুল কালাম আযাদ হরিপদকে গুলি করে হত্যা করেন।আবুল কালাম আযাদের বিরুদ্ধে স্বর্ণালংকার লুটের অভিযোগ এনে হায়দার আলী বলেন, ফরিদপুরের মদন বিশ্বাসকে অপহরণের পর আবুল কালাম আযাদ তাঁকে রাইফেল দিয়ে গুলি করে মারেন। মে মাসের শেষ দিকে তিনি বোয়ালমারী উপজেলার জীবন চক্রবর্তীকে অপহরণ ও গুলি করে হত্যা করেন। ৩ জুন সকালে তিনি ৫০-৬০টি বাড়ির মালামাল লুট এবং চিত্তরঞ্জন দাশকে গুলি করে হত্যা করেন।মুক্তিযুদ্ধকালে আবুল কালাম আযাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে হায়দার আলী বলেন, একাত্তরের ৮ জুন হিন্দুপাড়ার এক নারীকে ধর্ষণ করেন আবুল কালাম আযাদ। তিনি ও তাঁর সহযোগী রাজাকারদের অত্যাচারে হাজার হাজার মানুষ ফরিদপুর থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। ফরিদপুরে ভয়ে তাঁর অপকর্মের চাক্ষুস সাক্ষীরা ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন। সুষ্ঠু ও কার্যকর তদন্তের জন্য তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আরজি জানান কৌঁসুলি।আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে বলা হয়, ২ এপ্রিলের মধ্যে আসামির বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে হবে। এরপর ট্রাইব্যুনাল বিষয়টি বিবেচনা করবেন।বিকেল চারটার দিকে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি করা হয়। হায়দার আলী পরে সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধকালে আবুল কালাম আযাদ নিরীহ নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করেছেন, নারীদের ধর্ষণ করেছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত প্রায় শেষ পর্যায়ে। এখন তাঁকে গ্রেপ্তার করা না হলে যেকোনো মুহূর্তে তিনি পালিয়ে যেতে পারেন। এ ছাড়া তিনি ভয়ভীতি দেখিয়ে সাক্ষীদের সাক্ষ্যদান থেকে বিরত রাখতে পারেন। এ কারণে তাঁকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ প্রথম ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচার-প্রক্রিয়ার গতি বাড়াতে দুই বছরের মাথায় আরেকটি ট্রাইব্যুনাল কাজ শুরু করল। ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ গঠন করা হয়।