ট্রাইব্যুনালে আজও হাজির হননি জামায়াতের তিন নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে দ্বিতীয় দফার ধার্য দিন আজ মঙ্গলবারও ট্রাইব্যুনালে হাজির হননি জামায়াতে ইসলামীর তিন নেতা। পরে ট্রাইব্যুনাল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁদের হাজির হওয়ার সময় বাড়িয়ে দিয়ে বলেন, ওই দিন উপস্থিত না হলে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ তারিখ ধার্য করেছেন। জামায়াতের এই তিন নেতা হলেন—দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জের ধরে ৭ ফেব্রুয়ারি এক আদেশে জামায়াতের এই তিন নেতাকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ট্রাইব্যুনালে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। কিন্তু সেদিন উপস্থিত হতে না পারার কারণে আজ দ্বিতীয় দফায় তাঁদের হাজির হওয়ার দিন ধার্য ছিল।৭ ফেব্রুয়ারি দেওয়া আদেশে ট্রাইব্যুনাল বলেন, ‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, ৪ ফেব্রুয়ারি এক জনসভায় সেলিম উদ্দিন বলেছেন, ‘দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে হলে বিতর্কিত ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়ার সুযোগ নেই।’ হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘...এ ট্রাইব্যুনাল আর এক মুহূর্তও চলতে পারে না।’ ‘ডেইলি স্টার’ পত্রিকার প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে রফিকুল ইসলাম খান বলেছেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে রায় দিয়ে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। যদি কাদের মোল্লার কিছু হয়, প্রতি ঘরে আগুন জ্বলবে...ট্রাইব্যুনালের “প্রতিহিংসাপরায়ণ রায়”কে প্রতিহত করতে মানুষ রক্তও ঢেলে দেবে।’ ট্রাইব্যুনাল বলেন, আইনগতভাবে প্রতিষ্ঠিত একটি আদালতের ভাবমূর্তি ও স্বাধীনতার জন্য এ ধরনের মন্তব্য চরম অবমাননাজনক বলে ট্রাইব্যুনাল মনে করেন।