ট্রাইব্যুনালে আলীমের আইনজীবীদের জরিমানা
বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর আইনজীবীদের জরিমানা করা হয়েছে। দুই দফায় ট্রাইব্যুনালে হাজির না হওয়ায় তাঁদের দুই হাজার টাকা জরিমানা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ জরিমানা করেন। শুরুতে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবির ট্রাইব্যুনালে বলেন, আসামিপক্ষের এক আইনজীবী আহসানুল হক ব্যক্তিগত কারণে ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। অপর এক আইনজীবী খলিলুর রহমান অসুস্থ। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে সময় আবেদন করেন। সময় আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত। তিনি জেরা শেষ করার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান।পরে ট্রাইব্যুনাল বলেন, ‘এর আগেও আপনারা দেরি করেছেন। আপনাদের সতর্ক করা হয়েছিল। এভাবে আপনাদের সময় দেওয়ার ফলে ট্রাইব্যুনাল সম্পর্কে মানুষের ধারণা খারাপ হচ্ছে।’ পরে আদেশে ট্রাইব্যুনাল আসামিপক্ষের আইনজীবীদের সময়ের আবেদন মঞ্জুর করে দুই হাজার টাকা জরিমানা করেন। এই দুই হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে রসিদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।এ মামলায় আজ রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষী দিলীপ কুমার চক্রবর্তীকে জেরার দিন ধার্য ছিল। আদেশে ট্রাইব্যুনাল দিলীপকে জেরার জন্য ১৮ মার্চ দিন ধার্য করেন। এ ছাড়া ১০ মার্চ রাষ্ট্রপক্ষের পরবর্তী সাক্ষীকে হাজির করার নির্দেশ দেন। এ সময় আবদুল আলীম ট্রাইব্যুনালে হাজির ছিলেন।