ট্রাইব্যুনালে জামায়াতের ৫ নেতা সাঈদীর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর পাঁচ নেতাকে গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এঁদের মধ্যে দলটির নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল।জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা ও মোহাম্মদ কামারুজ্জামানের জামিন আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এসব আদেশ দেন।ট্রাইব্যুনাল গত ১৫ মার্চ নিজামী, মুজাহিদ, কাদের মোল্লা ও কামারুজ্জামানকে ২০ এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদনও দাখিল করতে বলা হয়। সে অনুযায়ী গতকাল চারজনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে এবং মুজাহিদকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।শুনানি: শুরুতে সাঈদীর পক্ষে জামিনের আবেদন জানিয়ে তাঁর আইনজীবী তানভীর আহমেদ আল-আমিন বলেন, সাঈদী শারীরিকভাবে অসুস্থ। তাঁর জরুরি চিকিৎসা প্রয়োজন। এর আগে ট্রাইব্যুনাল বিএসএমএমইউতে তাঁর চিকিৎসার নির্দেশ দিলেও সেখানে চিকিৎসায় অবহেলা করা হয়েছে।ট্রাইব্যুনাল বলেন, যদি বিএসএমএমইউতে চিকিৎসা ভালো না হয়, তবে বাংলাদেশের কোথায় চিকিৎসা দেব? সাঈদীর পাসপোর্ট জমা রাখাসহ ছয়টি শর্তে আইনজীবী তাঁর জামিন মঞ্জুরের আরজি জানান।প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান বক্তব্য উপস্থাপনের জন্য দাঁড়ালে ট্রাইব্যুনাল জানতে চান, ‘আর কতবার তদন্তের অগ্রগতি রিপোর্ট দেবেন? আনুমানিক আর কত দিন লাগবে?’ জবাবে রেজাউর রহমান বলেন, ‘৩০ দিনের মধ্যে আশা করি দিতে পারব।’ তিনি সাঈদীর জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে, অনেক সাক্ষীও আসছে। ট্রাইব্যুনালের আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে জামিন হয় না, এ জন্য শর্তগুলোও বিবেচনার যোগ্য নয়।উভয় পক্ষের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল আদেশ দেন। আদেশে সাঈদীর বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন আগামী ৩১ মের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিবর্তে বারডেম হাসপাতালে নিজ খরচে চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া নিজামী ও মুজাহিদকে কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ধানমন্ডির সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত ১৩ এপ্রিলের আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য করা আবেদনের ওপর আজ শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।সূত্র জানায়, সাঈদীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থা গতকাল আবেদন করে। তবে শুনানির দিন ধার্য হয়নি।জামায়াতের নেতাদের আইনজীবী তাজুল ইসলাম পরে প্রথম আলোকে জানান, নিজামী ও মুজাহিদকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ-সংক্রান্ত আদেশ পুনর্বিবেচনার আবেদনের ওপর আজ বৃহস্পতিবার শুনানি হবে। গতকাল সাঈদীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। ট্রাইব্যুনাল বলেছেন পরবর্তী দিন শুনবেন। সে হিসেবে ৩১ মে শুনানি হতে পারে।সাংবাদিককে সতর্ক করলেন ট্রাইব্যুনাল: শুনানির শুরুতেই ট্রাইব্যুনাল জানতে চান, একটি ইংরেজি দৈনিকের এক সাংবাদিক উপস্থিত আছেন কি না? ওই সাংবাদিক দাঁড়ালে ট্রাইব্যুনাল ওই পত্রিকায় ১৭ এপ্রিল প্রকাশিত একটি সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, এমন কিছু লেখা উচিত নয়, যা এই ট্রাইব্যুনালকে অবমাননা (ডিগ্রেড) করে। প্রথমবারের মতো এ ঘটনা এড়িয়ে যাওয়া (ইগনোর) হলো। কিন্তু ঘটনার পুনরাবৃত্তি হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।