ট্রাইব্যুনালে তাজুলের উপস্থিতি ২২ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর আইনজীবী তাজুল ইসলামের উপস্থিতি ২২ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে ট্রাইব্যুনাল তিনিসহ আসামিপক্ষের তিন আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়েছেন।২২ নভেম্বরের মধ্যে এ তিনজনকে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অপর দুই আইনজীবী হলেন: মিজানুল ইসলাম ও তানভীর আহমেদ আল-আমীন। আইনজীবীর উপস্থিতি নিষিদ্ধ করার ঘটনা ট্রাইব্যুনালে এটিই প্রথম।বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। সকালে কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম আটটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন ট্রাইব্যুনালের নজরে আনেন। তিনি বলেন, সোমবার এজলাসে ও বাইরে উদ্ভূত পরিস্থিতি এই বিচারকে হেয়প্রতিপন্ন করতে করা হয়েছে। দেশজুড়ে জামায়াতের তাণ্ডবলীলার সঙ্গে যোগসাজশ করে পূর্বপরিকল্পনা অনুসারে এসব ঘটানো হয়েছে। কথিত সাক্ষী অপহরণের অভিযোগে ট্রাইব্যুনালকে সংশ্লিষ্ট করে আইনজীবী মিজানুল ইসলাম ও তাজুল ইসলাম যে বক্তব্য দিয়েছেন, তা অবমাননাজনক। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক এর বিরোধিতা করে বলেন, সারা দেশে জামায়াত তাণ্ডব করেছে—এটা রাজনৈতিক বক্তব্য। ট্রাইব্যুনালের কার্যক্রমের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। ট্রাইব্যুনালের জন্য অবমাননাজনক কোনো বক্তব্য তাজুল ইসলাম দেননি।এ সময় ট্রাইব্যুনাল বলেন, বিচারকদের সুরক্ষা দেন আইনজীবীরা। কিন্তু আপনারা এভাবে আমাদের সুরক্ষা দিচ্ছেন? কে, কী করেছে তা সিসিটিভিতে (ক্লোজ সার্কিট ক্যামেরা) দেখা গেছে। যদি একজন আইনজীবী রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে ‘মিথ্যুক’ বলেন, তাহলে সেটা কি আইনের ১১(৪) ধারা লঙ্ঘন করে না?আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ১১(৪) ধারা অনুসারে, কোনো ব্যক্তি ট্রাইব্যুনালের কার্যক্রমে বাধা সৃষ্টি করলে বা আদেশ লঙ্ঘন করলে বা অবমাননাজনক কোনো কাজ করলে ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবেন। এই অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয়ই।মধ্যাহ্ন বিরতির পর বেলা দুইটার দিকে ট্রাইব্যুনাল এ বিষয়ে আদেশ দেন। আদেশে বলা হয়, পত্রিকার খবর ও ধারণ করা ভিডিওচিত্র ট্রাইব্যুনাল দেখেছেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ দুপুর সাড়ে ১২টার দিকে এজলাসে ঢোকেন। তিনি পুলিশের বরাত দিয়ে জানান, ফটকে ‘সাক্ষী অপহরণের’ ঘটনা ঘটেনি। সঙ্গে সঙ্গে তাজুল ইসলাম দাঁড়িয়ে চিৎকার শুরু করেন। ট্রাইব্যুনাল বিরতির সময় ওই বিষয়ে খোঁজ নেবেন জানালেও তিনি চিৎকার অব্যাহত রাখেন। এ সময় কালো কোট পরা অনেকে দাঁড়িয়ে চিৎকার শুরু করেন, তাঁদের মধ্যে আইনজীবী তানভীর আহমেদ আল-আমীনকে ট্রাইব্যুনাল ভালো করে চেনেন। বাকিদের নিয়মিত দেখলেও ট্রাইব্যুনাল তাঁদের নাম জানেন না। ট্রাইব্যুনাল আসন ছেড়ে চলে যাওয়ার পর তাজুল ইসলাম ও মিজানুল ইসলাম রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে ‘মিথ্যুক’ বলেন, যা আদালতের কোনো ভাষা নয়। তখন রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি জানতে চান, আসামিপক্ষ কেন এভাবে মিথ্যুক বলছেন। তখন তাজুল ও মিজানুল আবারও ‘মিথ্যুক’ বলেন। পরে বাইরে গিয়ে সাংবাদিকদের কাছে তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে সন্দেহ করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনার সঙ্গে (কথিত সাক্ষী অপহরণ) ট্রাইব্যুনালের সংশ্লিষ্টতা থাকতে পারে, যার কোনো ভিত্তি ছাড়াই ট্রাইব্যুনালের বিরুদ্ধে সরাসরি অভিযোগ। এ বক্তব্য অত্যন্ত অবমাননাজনক। তাজুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার একটি অভিযোগ অনিষ্পন্ন থাকা অবস্থায় তিনি একই ধরনের আরও বড় ঘটনা ঘটিয়েছেন। ট্রাইব্যুনালের ভাবমূর্তি বিনষ্টের জন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।ট্রাইব্যুনাল আদেশে বলেন, তাজুল ইসলাম, মিজানুল ইসলাম ও তানভীর আহমেদ আল-আমীনের বিরুদ্ধে ১১(৪) ধারায় কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানিয়ে ২২ নভেম্বরের মধ্যে জবাব দিতে হবে। এই ট্রাইব্যুনালে তাজুল ইসলামের উপস্থিতি ওই দিন পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এখানে অন্য যাঁরা চিৎকার করেছেন, তাঁদের নাম না জানলেও চেহারা পরিচিত। ভবিষ্যতের জন্য তাঁদের সতর্ক করা হলো। সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকেও সতর্ক করা হলো।এদিকে তাজুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে জারি করা নোটিশের জবাব দেওয়ার ধার্য দিন ছিল গতকাল। তাঁর পক্ষে আইনজীবী মওদুদ আহমদ (বিএনপির স্থায়ী কমিটির সদস্য) জবাব দিতে আট সপ্তাহ সময় চাইলে ট্রাইব্যুনাল ২২ নভেম্বর দিন পুনর্নির্ধারণ করেন।যুক্তি উপস্থাপন চলছে: সাঈদীর বিরুদ্ধে মামলায় গতকাল দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। গতকাল তিনি সাঈদীর বিরুদ্ধে গঠিত ২০টি অভিযোগের মধ্যে ছয়টি অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করেন। আজ বুধবারও যুক্তি উপস্থাপন চলবে।