ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধান মন্ত্রিসভায় অনুমোদন
এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের বিধানসংবলিত আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন (সংশোধন) ২০১২-এর খসড়া মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন করেছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান।মন্ত্রিপরিষদসচিব বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের সুযোগ তৈরি করতে আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। বর্তমানে মামলার কার্যক্রম ১৯৭৩ সালের আইনে চলছে। ওই আইনে এক ট্রাইব্যুনাল থেকে অন্য ট্রাইব্যুনালে মামলা স্থানান্তরের সুযোগ ছিল না। সেই সুযোগ তৈরি করতেই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়।একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে প্রথম ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। সেই ট্রাইব্যুনালে আটটি মামলা চলছে। এ বছরের ২২ মার্চ আরেকটি ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করে।