ট্রাইব্যুনালে সবচেয়ে স্বচ্ছ বিচার হচ্ছে : আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সবচেয়ে স্বচ্ছ বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, যেখানে মানবতাবিরোধী অপরাধীদের বিচার চলছে। এই বিচারের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁরা অবিচার করছেন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছেন। আজ শনিবার সকালে গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী। দেওয়ানি কার্যবিধি (সংশোধন) আইন ২০১২ অনুযায়ী বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বাধ্যতামূলক বিধান প্রয়োগসংক্রান্ত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।শফিক আহমেদ বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারকাজ চলছে, তার চেয়ে স্বচ্ছ, স্পষ্ট এবং গ্রহণযোগ্য বিচারব্যবস্থা কোথাও আছে বলে জানা নেই। এ আদালতে অভিযুক্তদের যে সুযোগ দেওয়া হচ্ছে, পৃথিবীর ইতিহাসে এ ধরনের মানবতাবিরোধী অপরাধীরা সে সুযোগ পান না। এখানে অভিযুক্তরা তাঁদের পছন্দমতো আইনজীবী নিয়োগের সুযোগ, তাঁদের পক্ষে সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ এবং উচ্চ আদালতের আপিল বিভাগে আপিল করার সুযোগ পাচ্ছেন।’ আইনমন্ত্রী আরও বলেন, ‘দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পেলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তাই আমাদের বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। বর্তমান সরকার সে লক্ষ্য নিয়েই কাজ করছে।’ এ ছাড়া তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এ পদ্ধতিতে অল্প সময় ও কম খরচে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা সুফল পাবেন। ফলে মানুষ আদালতমুখী হবে। গাজীপুরের জেলা ও দায়রা জজ তানজীনা ইসমাইলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও সানজিদা খানম, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ জহিরুল হক প্রমুখ।