ট্রাইব্যুনালে হাজির হলেন না জামায়াত নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননার অভিযোগে জামায়াতে ইসলামীর তিন নেতা আজ রোববার তৃতীয় দফায়ও ট্রাইব্যুনালে হাজির হননি। পরে তাঁদের হাজির হতে আগামী ৬ মার্চ সর্বশেষ দিন নির্ধারণ করেছেন বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।জামায়াতের এই তিন নেতা হলেন—দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর শাখার নায়েবে আমির ও সাংসদ হামিদুর রহমান আযাদ এবং মহানগর শাখার সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।ট্রাইব্যুনাল নিয়ে মন্তব্যের জের ধরে গত ৭ ফেব্রুয়ারি এক আদেশে ২০ ফেব্রুয়ারির মধ্যে জামায়াতের তিন নেতাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে জবাব দিতে বলা হয়। কিন্তু সেদিন উপস্থিত হতে না পারায় ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় সময় বাড়িয়েছিলেন ট্রাইব্যুনাল।আজ জামায়াতের নেতাদের আইনজীবী মো. আবদুল হান্নান ট্রাইব্যুনালে বলেন, হরতালের কারণে তাঁরা হাজির হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তাঁদের হাজির হওয়ার জন্য দিন বাড়ানোর আরজি জানান আইনজীবী।এ সময় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ ও রানা দাশগুপ্ত এর বিরোধিতা করে বলেন, ওই তিন নেতাকে এর আগেও দুবার সময় দেওয়া হয়েছে। এ সময় তাঁরা ট্রাইব্যুনালে হাজির না হয়ে আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা ওই তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে তিন নেতার আইনজীবীকে বলেন, ৬ মার্চ সর্বশেষ সময় দেওয়া হচ্ছে। এরপর যদি তাঁরা হাজির না হন তাহলে তাঁদের আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পত্রিকার প্রতিবেদন অনুসারে, গত ৪ ফেব্রুয়ারি এক জনসভায় হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বক্তব্য এবং এক বিবৃতিতে রফিকুল ইসলাম খানের বক্তব্যকে ট্রাইব্যুনাল আদালতের জন্য চরম অবমাননাজনক বলে মনে করেন। এর পরিপ্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিত হয়ে এ বিষয়ে ওই তিনজনকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আদেশ দেন।