ট্রাইব্যুনালের কাছে সাকার প্রশ্ন
বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রম স্থগিত করার আবেদনের শুনানি কাল বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১টায় সাকা চৌধুরী নিজে তাঁর আবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। তাঁর পক্ষে তিনি কোনো আইনজীবী নিয়োগ না দেওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে আবেদন উপস্থাপন করতে বলেন। সাকা চৌধুরী ট্রাইব্যুনালকে বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ অনুসারে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক ব্যক্তিদের মৌলিক অধিকার স্থগিত রাখা হয়েছে। সংবিধানের তৃতীয় ভাগে উল্লেখিত মৌলিক অধিকার স্থগিত রাখায় এ আইন সংবিধান পরিপন্থী। সাকা চৌধুরী ট্রাইব্যুনালের কাছে জানতে চান, ট্রাইব্যুনালের দুজন বিচারক বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং তাঁরা সংবিধানের রক্ষক। সংবিধানের রক্ষক হিসেবে তাঁরা একটি সংবিধান পরিপন্থী আইনের আওতায় ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালনা করতে পারেন কি না ? বেলা একটার দিকে ট্রাইব্যুনাল সাকা চৌধুরীর কাছে জানতে চান, শুনানি শেষ করতে আর কত সময় লাগবে। জবাবে সাকা বলেন, আরও তিন থেকে চার ঘণ্টা লাগবে। পরে ট্রাইব্যুনাল কাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত ট্রাইবুন্যালের কার্যক্রম মুলতবি করেন। এর আগে বেলা ১১টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।