ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়ল
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যবিধিতে ১০টি সংশোধনী আনা হয়েছে। এর ফলে এ আইনের অধীনে কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু হলে তাঁকে অভিযুক্ত হিসেবে গণ্য করা যাবে। আবার কেউ অন্য আইনে ভিন্ন অপরাধে বা মামলায় হেফাজতে থাকলে ট্রাইব্যুনাল তদন্তের স্বার্থে তাঁকে আটক রাখার নির্দেশসহ আদালতে হাজির করার নির্দেশ দিতে পারবেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, এই সংশোধনীর ফলে কার্যবিধি আরও স্পষ্ট হয়েছে। এটি মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে আরও সহায়ক হবে।‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালী বিধিমালা (সংশোধন), ২০১০’ নামে গত ২৮ অক্টোবর সংশোধিত এ নীতিমালা জারি করা হয়। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের ২২ ধারার ক্ষমতাবলে ট্রাইব্যুনাল কার্যপ্রণালি বিধিমালা সংশোধন করে। বিধি ১৭ সংশোধন করে বলা হয়েছে, প্রধান কৌঁসুলি বা তাঁর ক্ষমতাপ্রাপ্ত যেকোনো কৌঁসুলি ট্রাইব্যুনালের সামনে প্রসিকিউশনের পক্ষে মামলা পরিচালনা বা মামলাসংক্রান্ত কোনো বিষয়ে ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন ও পরিচালনা করবেন। বিধি ২০-এর সংশোধনীতে প্রমাণপত্র হিসেবে কাগজপত্র, দলিলাদির সঙ্গে এখন দ্রব্যাদি শব্দ যোগ করা হয়েছে। বিধি ২২-এর সংশোধনীতে বলা হয়েছে, যদি কেউ হেফাজতে না থাকেন, তাঁকেও উপস্থিতির ব্যবস্থা রাখার প্রয়োজনীয় নির্দেশ দেওয়া যাবে। গতকাল সোমবার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম সংশোধিত কার্যবিধি প্রকাশের বিষয়টি সাংবাদিকদের জানিয়ে বলেন, ট্রাইব্যুনালের কার্যবিধির ১০টি বিধি ও দুটি ফরমে সংশোধনী আনা হয়েছে। সংশোধনী: বিধি ২৪ (১) ধারা সংযোজন করে বলা হয়েছে, যখন ট্রাইব্যুনাল কোনো অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে আদেশ দেবেন, তখন আদেশ অনুসারে একজন প্রথম শ্রেণীর বিচারিক হাকিম ওইরূপ স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন। আগে সাক্ষীর বিবৃতিও লিপিবদ্ধ করার কথা ছিল। তবে এখন ২৪ (২) ধারা সংযুক্ত করে বলা হয়েছে, যখন তদন্ত সংস্থার কোনো সদস্য কোনো সাক্ষীর বিবৃতি লিপিবদ্ধ করতে কোনো প্রথম শ্রেণীর বিচারিক হাকিমের কাছে আবেদন করবেন, তখন উক্ত হাকিম এরূপ বিবৃতি লিপিবদ্ধ করবেন। বিধি ৫৯-এর সংশোধনীতে বলা হয়েছে, ট্রাইব্যুনালের চেয়ারম্যানের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ সদস্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। সমন্বয়ক নিয়োগ প্রসঙ্গ: বিধির ৩ ধারা সংশোধন করে বলা হয়েছে, সরকার তিনটি কারণে সমন্বয়ক মনোনয়ন দিতে পারবে। সংস্থার যেকোনো প্রতিনিধিকে এ পদে নিয়োগ দেওয়া যাবে। প্রথমত, সংস্থার সার্বিক কার্যক্রম তদারক, দ্বিতীয়ত, কোনো তদন্তকাজের নিয়ন্ত্রণ ও দ্রুত অগ্রগতি পরিবীক্ষণ এবং সংস্থা দক্ষভাবে পরিচালনার জন্য অন্য যেকোনো কার্যাদি সম্পাদন। প্রতিক্রিয়া: যোগাযোগ করা হলে তদন্ত সংস্থার সদস্য মো. নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কার্যবিধিতে ‘অভিযুক্ত’-এর সংজ্ঞায় সংশোধনী আনা হয়েছে। ফলে তদন্ত সংস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এলে, তা নিবন্ধিত হলে তদন্ত শুরুর পরই ওই ব্যক্তি অভিযুক্ত বলে গণ্য হবেন। সমন্বয়ক প্রশ্নে তিনি বলেন, আইনে সবাই তদন্ত সংস্থার কর্মকর্তা। বিধিতে সমন্বয়ক রাখার কথা বলা হয়েছে। ফলে তদন্ত তথা ব্যবস্থাপনার কাজ আরও গতিশীল হবে। আটকাদেশ বা হাজিরা (প্রডাকশন ওয়ারেন্ট) সংক্রান্ত সংশোধনী প্রশ্নে তিনি বলেন, অন্য কোনো মামলায় কারাগারে আটক ব্যক্তি যদি ’৭৩ সালের আইনে বর্ণিত অপরাধ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আটকাদেশ বা হাজিরার আদেশ দেওয়া যাবে। আইনজীবী প্যানেলের অন্যতম সদস্য জেয়াদ-আল্ মালুম প্রথম আলোকে বলেন, সংশোধনীতে অভিযুক্তের সংজ্ঞা স্পষ্ট করা হয়েছে। এ নিয়ে জটিলতা দূর হয়েছে। তদন্ত সংস্থায় একজন সমন্বয়কারী নিয়োগের কথা বলা হয়েছে। এতে তদন্তকাজ আরও গতিশীল হবে। এ ছাড়া অন্য মামলায় কেউ আটক থাকলে তাঁকে একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তার দেখানোর বিষয়ে বলা আছে।তদন্তকাজ: সূত্র জানায়, এখন বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীসহ আটজনের বিরুদ্ধে তদন্ত চলছে। সম্প্রতি শেরপুর সফর করেছে তদন্ত দল। আজ তদন্তের জন্য সংস্থার পৃথক দুটি দলের কুমিল্লা ও বাগেরহাটে যাওয়ার কথা। এ ছাড়া নিজামীর বিষয়ে তদন্তের জন্য প্রতিনিধিদলের ৪ নভেম্বর পাবনা যাওয়ার কথা রয়েছে। এর আগে তদন্ত সংস্থার সদস্যরা খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, কুমিল্লা ও ময়মনসিংহ জেলা সফর করেন।সাঈদী হাজির হচ্ছেন: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অসুস্থ থাকলে অ্যাম্বুলেন্সসহ প্রয়োজনীয় সুবিধা দিয়ে তাঁকে হাজির করতে কারা কর্তৃপক্ষকে বলা হয়।কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক তৌহিদুল ইসলাম গতকাল রাতে প্রথম আলোকে জানান, আজ মঙ্গলবার সাঈদীকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।সাঈদীর আইনজীবী তাজুল ইসলাম জানিয়েছেন, আজ সাঈদীকে আটক বা গ্রেপ্তার রাখার বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানির জন্য রয়েছে। গ্রেপ্তার না দেখানোর জন্য সাঈদীর করা আবেদনটিও শুনানির জন্য রয়েছে। ট্রাইব্যুনাল: গত ২৫ মার্চ বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর ও এ কে এম জহির আহমেদ। এ ছাড়া নিয়োগ দেওয়া হয় কৌঁসুলি ও তদন্ত কর্মকর্তা। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৮ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ট্রাইব্যুনাল। তবে স্থান সংকুলান না হওয়ায় গত ৪ জুলাই বেইলি রোডে তদন্ত সংস্থার কার্যালয় স্থানান্তর করা হয়। বর্তমানে ৩৯/এ বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট ভবন-২-এর পঞ্চম তলায় কাজ করছে সংস্থা। সেখানে আইনজীবীদের কার্যালয়ও রয়েছে। গত ২১ জুলাই বাংলা ভাষায় ট্রাইব্যুনাল কার্যবিধি প্রকাশ করে। তবে এর আগে ইংরেজিতে কার্যবিধি তৈরি করা হয়। সর্বশেষ ২৮ অক্টোবর ওই কার্যবিধিতে সংশোধনী ও নতুন বিধি সংযোজন করা হয়েছে। যাত্রা শুরুর আট মাস: মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ করার অভিযোগে ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের চার নেতাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখতে বলা হয়। এঁরা হলেন মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মুহাম্মাদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা। তাঁদের বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু তদন্তে ২২ জুলাই গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশন শাখায় আবেদন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবেদনটি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ২৫ জুলাই ট্রাইব্যুনালে জমা দেন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ২৬ জুলাই শুনানির দিন ধার্য করেন। ওই দিন ট্রাইব্যুনাল চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অন্য মামলায় কারাগারে থাকায় তাঁদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা সম্ভব হয়নি। সুষ্ঠু তদন্তের স্বার্থে দেলাওয়ার হোসেন সাঈদীকে গ্রেপ্তার বা আটক রাখার জন্য প্রয়োজনীয় আদেশ চেয়ে ২ আগস্ট ট্রাইব্যুনালে আবেদন করে প্রসিকিউশন শাখা।