ট্রাইব্যুনালের জনবল ঘাটতি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক বিষয়ের অভাব পূরণের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ট্রাইব্যুনালের প্রয়োজন ও সরকারের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রাইব্যুনাল সহায়ক মঞ্চ, সেক্টর কমান্ডার্স ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, প্রজন্ম একাত্তর, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও উদীচী। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির লিখিত বক্তব্যে বলেন, ট্রাইব্যুনাল গঠনের আড়াই বছর পরও এর জন্য প্রয়োজনীয় জনবল সরবরাহ করা হয়নি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অজ্ঞতা ও অনাগ্রহের কারণে। এসব সহযোগিতার অভাবে বিচারকাজ যেভাবে চলছে, তাতে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রথম ধাপে ১০ জনের বিচার শেষ করা সম্ভব নয়। গত সপ্তাহে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ট্রাইব্যুনালের জনবল যথেষ্ট এবং প্রয়োজনের তুলনায় বেশি। এ বক্তব্যের বিরোধিতা করে সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাইব্যুনালের সাধারণ বিভাগে কমপক্ষে ১৫০ জন কর্মী প্রয়োজন। সেখানে কাজ করছেন মাত্র ১৩ জন।সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক শাহীন রেজা নূর, শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী প্রমুখ।