ট্রাইব্যুনালের নথি নির্দিষ্ট দোকানে অনুলিপির নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলাগুলোর বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরবরাহ করা নথিপত্রের অনুলিপি নির্দিষ্ট দোকান থেকে করার নির্দেশনা দেওয়া হয়েছে। জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনাল থেকে সরবরাহ করা নথিপত্রের অনুলিপি করতে গিয়ে আসামিপক্ষের আইনজীবীদের এক গবেষণা সহকারী পুলিশের হাতে আটক হন। এ বিষয়ে শুনানি শেষে ট্রাইব্যুনাল আজ বুধবার এই নির্দেশনা দেন।ট্রাইব্যুনালের কার্যক্রম আজ সকাল সাড়ে ১০টায় শুরু হলে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, গোলাম আযমের বিরুদ্ধে করা মামলায় ট্রাইব্যুনালের সরবরাহ করা নথিপত্রের অনুলিপি তৈরি করতে আসামিপক্ষের আইনজীবীদের গবেষণা সহকারী জুবায়ের গতকাল মঙ্গলবার নীলক্ষেতের একটি দোকানে যান। নিউমার্কেট থানা-পুলিশ ওই দোকান থেকে জুবায়েরকে আটক করে। এ ছাড়া জুবায়েরের সঙ্গে থাকা মামলার সব নথিপত্র জব্দ করা হয়। এ বিষয়টি জানার পর বিচারপতি নিজামুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বেলা একটার মধ্যে জুবায়েরকে ট্রাইব্যুনালকে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন। দুপুর সাড়ে ১২টার দিকে নিউমার্কেট থানা-পুলিশ জুবায়ের এবং জব্দ করা সব নথিপত্র ট্রাইব্যুনালে হাজির করে। এরপর ট্রাইব্যুনাল আদেশে বলেন, পুলিশ খবর পেয়ে ওই দোকানে যায়। ট্রাইব্যুনালের একটি মামলার নথিপত্র ফটোকপি হচ্ছে দেখে ওই ব্যক্তিকে আটক করেছে। ট্রাইব্যুনাল মনে করেন, এটি একটি ভুল হয়েছে। কিন্তু পুলিশ দায়িত্ব পালনে কোনো ভুল করেনি। ওই নথিপত্র ট্রাইব্যুনাল থেকে আসামিপক্ষকে সরবরাহ করা হয়েছিল। মামলায় প্রস্তুতির জন্য আসামি পক্ষ এসব কাগজপত্রের অনুলিপি তৈরি করতে পারেন। ট্রাইব্যুনাল আটক করা ব্যক্তিকে মুক্তি এবং জব্দ করা সব নথিপত্র আইনজীবী তাজুল ইসলামকে সরবরাহের নির্দেশ দেন। তবে পরে এ ধরনের সমস্যা এড়াতে ট্রাইব্যুনাল একটি নির্দিষ্ট দোকান থেকে ট্রাইব্যুনালের সরবরাহ করা নথিপত্র অনুলিপি করার নির্দেশনা দেন। তাজুল ইসলাম ওই নির্দিষ্ট দোকানের নাম ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেবেন বলে জানান।