ট্রাইব্যুনালের প্রথম কাজ কার্যপ্রণালি বিধি তৈরি করা
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রথমেই কার্যপ্রণালি বিধি তৈরি করতে হবে। তাতে বিচার ও তদন্ত-পদ্ধতি কী হবে, তার নির্দেশনা থাকবে। এই বিধি তৈরির পূর্ণ এখতিয়ার নবগঠিত ট্রাইব্যুনালের। এ জন্য সরকারের কোনো অনুমোদন লাগবে না। তবে কত দিনের মধ্যে বিধি তৈরি করতে হবে, ১৯৭৩ সালের সংশোধিত আইনেও তার সময়সীমা নির্দিষ্ট করা নেই।সূত্র জানায়, বিধি তৈরির ক্ষেত্রে বিচারপতি মোহাম্মদ আবদুর রশীদের নেতৃত্বাধীন আইন কমিশনের পরামর্শ নেবে ট্রাইব্যুনাল। আইন কমিশনও এ ব্যাপারে সহযোগিতা দিতে আগ্রহী।গত বৃহস্পতিবার গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালের মধ্যে দুজন হাইকোর্টে কর্মরত বিচারক আছেন। বিচারক, তদন্তকারী সংস্থার সদস্য ও আইনজীবী দলের (প্রসিকিউশন টিম) মধ্যে প্রথম বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি কর্মশালা করার কথাও ভাবছেন।ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. নিজামুল হকের নিয়োগে সম্মতি দিয়েছেন প্রধান বিচারপতি মো. ফজলুল করিম। আওয়ামী লীগের গত সরকারের আমলে নিজামুল হককে হাইকোর্টের বিচারক নিয়োগ করা হয়েছিল। তাঁকে স্থায়ী বিচারক নিয়োগ করতে তত্কালীন প্রধান বিচারপতি কে এম হাসান পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বিএনপি প্রধান বিচারপতির পরামর্শ অগ্রাহ্য করে। পরে তিনিসহ হাইকোর্টের ১০ বিচারক মামলা করলে আদালত তাঁদের নিয়োগের নির্দেশ দেন। গতকাল বঙ্গভবনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানও উপস্থিত ছিলেন। বিচারপতি হক ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ হওয়ায় কে এম হাসান সন্তোষ প্রকাশ করেন।ট্রাইব্যুনালের আরেক সদস্য বিচারপতি ফজলে কবীর নিয়োগ পেয়েছিলেন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে। তিনি বহুল আলোচিত পঞ্চম সংশোধনী মামলার রায়ে বিচারপতি এ বি এম খায়রুল হকের সঙ্গে সহমত পোষণ করেন। হাইকোর্টের জ্যেষ্ঠতার নিয়মে বিচারপতি ফজলে কবীর ট্রাইব্যুনালের চেয়ারম্যানের চেয়ে বর্তমানে জ্যেষ্ঠ অবস্থানে রয়েছেন। কিন্তু তিনি ট্রাইব্যুনালের সদস্য হতে সম্মতি দেন। ট্রাইব্যুনালে কাজ করার বিষয়ে উভয়ে এরই মধ্যে আলাপ-আলোচনাও করেছেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান অবশ্য এখনো অপর সদস্যের সঙ্গে আলাপ করেননি।ট্রাইব্যুনালকে হাইকোর্টের সমান মর্যাদা দেওয়া হয়েছে। রায় দেওয়ার প্রশ্নে তাঁরা সংখ্যাগরিষ্ঠতার নীতি অনুসরণ করবেন। দুজনের মতই চূড়ান্ত বলে গণ্য হবে। রায়ের বিরুদ্ধে সরাসরি আপিল বিভাগে যেতে হবে।হাইকোর্টে কর্মরত বিচারকেরা সাধারণত নির্দিষ্ট মেয়াদে অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু ট্রাইব্যুনালের বিচারকদের এ ধরনের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। ট্রাইব্যুনালের চেয়ারম্যান ২০১৭ সালে অবসরে যাবেন।চেয়ারম্যান মনে করেন, ট্রাইব্যুনালের জন্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগে তাঁরা স্বাধীন থাকবেন। এ জন্য রেজিস্ট্রার, বেঞ্চ অফিসারসহ অন্য কর্মকর্তাদের প্রেষণে নাকি সরাসরি নিয়োগ দেওয়া দরকার, তা ট্রাইব্যুনাল আলাপ-আলোচনা করে ঠিক করবে।ট্রাইব্যুনালের চেয়ারম্যান গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য একজন মুখপাত্র নিয়োগ দেবেন বলে জানা গেছে।মানবতাবিরোধী অপরাধের বিচার: সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ট্রাইব্যুনালের নাম গণমাধ্যমে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বলা হচ্ছে। কিন্তু এর সরকারি নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৯৭৩ সালের আইনটির শিরোনামেও যুদ্ধাপরাধ কথাটি নেই। ওই আইনে ট্রাইব্যুনালকে যেসব অপরাধের বিচার করতে ক্ষমতা দেওয়া হয়েছে, তার মধ্যে যুদ্ধাপরাধ অন্যতম। আন্তর্জাতিক অপরাধের সংজ্ঞায় ‘গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ও অন্যান্য অপরাধ’কে অন্তর্ভুক্ত করা হয়েছে। তদন্ত সংস্থা-সংশ্লিষ্ট একজন আইনজীবী বলেন, একে মানবতাবিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনাল বলাই অধিকতর যৌক্তিক।আইনমন্ত্রী শফিক আহমেদ এর আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা যুদ্ধের অপরাধের বিচার করছি না। কোনো যুদ্ধবন্দী বিচারের মুখোমুখি হবে না। ট্রাইব্যুনাল বিচার করবে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের।’