ট্রাইব্যুনালের বিধিতে সাক্ষী সুরক্ষার ব্যবস্থা যুক্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ট্রাইব্যুনালের নিবন্ধক মো. শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিধি সংশোধনের কাজ পুরোদমে চলছে। আশা করছি, এই মাসের মধ্যেই সংশোধিত বিধি প্রকাশ করা যাবে।’ট্রাইব্যুনাল সূত্র জানায়, ইতিমধ্যে সংশোধিত বিধির একটি খসড়া তৈরি হয়েছে। এখন সেটি চূড়ান্ত করার কাজ চলছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সংশোধনের কাজ শেষ হতে পারে। ট্রাইব্যুনালের নির্দেশনা অনুসারে প্রসিকিউটররা আগামী ১১ জুলাইয়ের মধ্যে সাঈদীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন।মে মাসের শুরুতে ঢাকা সফরকালে যুদ্ধাপরাধবিষয়ক মার্কিন বিশেষ দূত স্টিফেন জে র্যাপ সাক্ষী সুরক্ষার বিষয়টি জোরদার করার ওপর গুরুত্ব দেন। এ জন্য তিনি প্রয়োজনবোধে ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ বা এর বিধি সংশোধনের জন্য সুপারিশ করেছিলেন। এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে নিবন্ধক শাহিনুর ইসলাম বলেন, ‘মার্কিন বিশেষ দূতের সুপারিশগুলো ট্রাইব্যুনালের নজরে রয়েছে।’ বিধিতে কী ধরনের পরিবর্তন করা হচ্ছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি।বিধি সংশোধন প্রসঙ্গে তদন্ত সংস্থার সূূত্র জানায়, নারী সাক্ষীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিধান থাকার কথা বিবেচনায় রয়েছে। কারণ তা না হলে সাক্ষী পাওয়া কঠিন হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তদন্ত কর্মকর্তা বলেন, তদন্ত সংস্থার পক্ষ থেকে বিধি সংশোধনের জন্য ট্রাইব্যুনালকে কিছু সুপারিশ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার হওয়া সাক্ষীদের সামাজিক কারণে সবার সামনে সাক্ষ্য দেওয়া কঠিন। তদন্ত সংস্থা এ জন্য এজলাসকক্ষের পাশে আরেকটি কক্ষ রাখার সুপারিশ করেছে, যেখান থেকে নির্যাতিত নারী সাক্ষীরা সাক্ষ্য দেবেন। তাঁদের বক্তব্য মাইক্রোফোনের মাধ্যমে এজলাসকক্ষ থেকে শোনা যাবে। তাঁদের পরিচিতি জনসমক্ষে উন্মুক্ত করা হবে না।আরেক তদন্ত কর্মকর্তা বলেন, এ পর্যন্ত অভিযুক্তদের প্রত্যেকেই প্রভাবশালী। সরকার বদল হলে নির্যাতন-নিপীড়ন নেমে আসতে পারে, এমন আশঙ্কায় অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন। এ জন্য তদন্ত সংস্থা সাক্ষী সুরক্ষার ব্যবস্থা করতে ট্রাইব্যুনালকে বিশেষভাবে অনুরোধ করে।গত বছরের ২১ জুলাই ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ২২ ধারা অনুসারে ট্রাইব্যুনাল তাঁর নিজস্ব কার্যবিধি প্রণয়ন করেন। পরে ওই বছরের ২৮ অক্টোবর প্রথমবারের মতো একবার বিধি সংশোধন করা হয়। বিধির ৬৬ ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল নিজস্ব কার্যবিধি সংশোধন করতে পারেন।কামারুজ্জামান ও কাদের মোল্লার জিজ্ঞাসাবাদের দিন ধার্য: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা মো. কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ‘সেফ হোমে’ (নিরাপদে জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত ধানমন্ডির একটি বাড়ি) নিয়ে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করেছে তদন্ত সংস্থা। সংস্থার সূত্র জানায়, আগামী মঙ্গলবার কামারুজ্জামান এবং বুধবার কাদের মোল্লাকে ‘সেফ হোমে’ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ট্রাইব্যুনালের নির্দেশ অনুসারে, সেফ হোমে জিজ্ঞাসাবাদের সময় আসামিপক্ষের একজন আইনজীবী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে একজন চিকিৎসক জিজ্ঞাসাবাদকক্ষের পাশের একটি কক্ষে উপস্থিত থাকেন।এর আগে তদন্ত সংস্থা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত চারজনকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।