ট্রাইব্যুনালের রায় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দেশে গণহত্যা চালাচ্ছে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি এই মুহূর্তে ‘গণহত্যা’ বন্ধের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ার করে বলেন, এর পরিণাম ভয়াবহ হবে।আজ শুক্রবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া এই অভিযোগ করেন। খালেদা জিয়া দাবি করেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেকোনো রায়ই এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। সেই সঙ্গে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা শাহবাগের আন্দোলনেরও কঠোর সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা।এ ছাড়া ‘গণহত্যা’র প্রতিবাদে আগামী মঙ্গলবার (৫ মার্চ) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন। তবে খালেদা জিয়া সংবাদ সম্মেলন ডাকলেও সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেননি। লিখিত বক্তব্যের পর সাংবাদিকেরা প্রশ্ন করতে চাইলে তিনি বলেন, ‘আজ কোনো প্রশ্ন নয়। সব প্রশ্নের উত্তর এখানে (লিখিত বক্তব্য) আছে। আবার আরেক দিন দেব।’সরকার গণহত্যা চালাচ্ছে:মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর জামায়াত-শিবিরের সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়। সেদিকে ইঙ্গিত দিয়ে বক্তব্যের শুরুতে খালেদা জিয়া বলেন, ‘আমি স্তম্ভিত। আমি ক্ষুব্ধ। আমি গভীরভাবে মর্মাহত। নিন্দা ও প্রতিবাদ জানাবার কোনো ভাষা আমার নেই। আমাদের এই দেশে আবার চলছে পৈশাচিক গণহত্যা। পাখির মতো গুলি করে মানুষ হত্যা চলছে। গণহত্যার পৈশাচিক তাণ্ডবে মেতে উঠেছে সরকার। ফ্যাসিবাদের নগ্ন থাবায় রক্ত ঝরছে, প্রাণ যাচ্ছে দেশের শান্তিপ্রিয় নিরস্ত্র নাগরিকদের। বৃদ্ধ, শিশু-কিশোর এমনকি কুলবধূরা পর্যন্ত রেহাই পাচ্ছে না এই নির্মম হত্যাকাণ্ড থেকে। মনে হচ্ছে, কোনো ভিনদেশি হানাদারেরা যেন বাংলাদেশের মানুষের ওপর পৈশাচিক হত্যাযজ্ঞে মেতে উঠেছে। কোনো একটি সরকার নিজের দেশের নাগরিকদের ওপর এমনভাবে গণহত্যা চালাতে পারে তা আমাদের কল্পনারও অতীত। এ ধরনের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা ১৯৭১ সালে মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশে আবার অন্য কোনো অজুহাতে কখনো কোনো সরকার গণহত্যার পথ বেছে নেবে, তা আমরা মেনে নিতে পারি না।’ এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে খালেদা জিয়া বলেন, ‘এর পরিণাম হবে ভয়াবহ।’ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের টাকায় যে অস্ত্র কেনা হয়, সেই অস্ত্র নির্বিচারে জনগণের ওপর ব্যবহার করবেন না। আপনাদের পবিত্র কর্তব্য হচ্ছে, দেশের জনগণের জীবন রক্ষা করা। নির্বিচারে তাদের জীবন কেড়ে নেওয়া নয়। একটি গণবিচ্ছিন্ন ব্যর্থ সরকারের অন্যায় হুকুমে আপনারা গণহত্যাকারীর ভূমিকায় অবতীর্ণ হবেন না। বরং জনগণের মৌলিক মানবিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’গত কয়েক দিনের সংঘাতে যাঁরা নিহত হয়েছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা এবং স্বজনদের প্রতি গভীর সমবেদনাও জানান খালেদা জিয়া। তিনি এসব ‘নিষ্ঠুর হত্যাকাণ্ডে’ সুবিচারের দাবিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধ’ সংগ্রামের প্রতি একাত্মতা ঘোষণা করেন।শাহবাগের সমালোচনাবিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, ‘একটি গোষ্ঠীকে সরকার উসকানিমূলক ও বেআইনি কর্মকাণ্ড সংঘটনে প্রতিনিয়ত আশকারা ও সমর্থন দিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছে। জাতীয় জীবনে বিভেদ-বিভাজনকে উসকে দিচ্ছে। স্বাধীন মতপ্রকাশের কারণে সম্মানিত নাগরিকদের নাম ধরে হুমকি দিচ্ছে। সরকারবিরোধী সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বন্ধ করার হুমকি দিচ্ছে। নির্যাতিত সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে বেআইনিভাবে গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করছে। ভিন্ন মতাবলম্বীদের ধরে ধরে জবাই করার আওয়াজ তুলছে। বিভিন্ন ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরে উত্সাহিত করছে। এসব তত্পরতার মাধ্যমে আমাদের জনজীবনে শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় অর্থনীতিকে যারা নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে, সরকার তাদের বাধা দেওয়ার পরিবর্তে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। সরকারের মন্ত্রীরা তাদের কাছে গিয়ে এসব কর্মকাণ্ডে সমর্থন জোগাচ্ছে।’রায় প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেসরকার ফ্যাসিবাদী কায়দায় বাংলাদেশে ন্যায়বিচারের পরিবেশ সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির চেয়ারপারসন। তাঁর মতে, এখানে রাষ্ট্রীয় ও সরকারি নিবর্তনে নিগৃহীত কোনো নাগরিকের ন্যায়বিচার পাওয়ার আর কোনো সুযোগ নেই। মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারের ক্ষেত্রেও এই কথা সমভাবে প্রযোজ্য। খালেদা জিয়া বলেন, ‘আমরা বার বার পরিষ্কারভাবে বলেছি, মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার আমরা চাই। সেই বিচার হতে হবে স্বচ্ছ এবং দেশি ও আন্তর্জাতিক মান বজায় রেখে। আমরা বিচারের নামে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের পক্ষপাতী নই।’খালেদা জিয়া দাবি করেন, এই বিচার প্রক্রিয়া, ট্রাইব্যুনাল ও আইন নিয়ে শুধু দেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ‘প্রশ্নবিদ্ধ কোনো বিচার জাতিকে ঐক্যবদ্ধ করার বদলে বিভক্তির দিকেই ঠেলে দেবে। কাজেই এ ব্যাপারে একটি জাতীয় ঐকমত্য গঠন খুবই প্রয়োজন ছিল। কিন্তু সরকার আমাদের কথায় কান দেয়নি। কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনাও করেনি।’ খালেদা জিয়া বলেন, ‘বরং যারা বিচারপ্রক্রিয়ার ত্রুটিগুলো দূর করার কথা বলেছে, ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলেছে, তাদের বিচারবিরোধী এবং স্বাধীনতাবিরোধী হিসেবে চিত্রিত করার অপচেষ্টা চালিয়েছে।’খালেদা জিয়া বলেন, এই বিচারের ট্রাইব্যুনাল গঠন, বিচারক নিয়োগ, প্রসিকিউশন গঠন, তদন্ত পরিচালনা ও আইনজীবী নিয়োগ—সবকিছুই এই সরকার করেছে। অথচ ট্রাইব্যুনালের একটি রায়ের বিরুদ্ধে যে বিক্ষোভের আয়োজন করা হয়, সরকার তার সঙ্গেও একাত্মতা ঘোষণা করে। শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিটি অভিযুক্তকে ফাঁসি দেওয়ার যে দাবি জানানো হয়, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার প্রতি শুধু সমর্থনই ব্যক্ত করেননি বরং ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে রায় দেওয়ার আহ্বান জানান।খালেদা জিয়া বলেন, ‘কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা নজিরবিহীন। এসব ঘটনার মাধ্যমে ন্যায়বিচারের সর্বশেষ আশাটুকুও সম্পূর্ণ তিরোহিত হয়ে যায়। এমন পরিস্থিতিতে ট্রাইব্যুনালের কোনো বিচারকের পক্ষেই স্বাধীন এবং নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা কিংবা রায় দেওয়া সম্ভব নয়। তাই এই ট্রাইব্যুনালের যেকোনো রায়ই এখন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।’ খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার বিচারপ্রক্রিয়ার ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্যেই ন্যায়বিচারের পরিবেশ ধ্বংস করে দিয়েছে এবং জনগোষ্ঠীকে বিভক্ত করে ভয়ংকর সংঘাত ও সহিংসতার পরিবেশ সৃষ্টি করেছে। এই অনৈক্য ও সংঘাত জাতীয় নিরাপত্তাকেও আজ গুরুতর হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির সমস্ত দায়-দায়িত্ব এই সরকারকেই বহন করতে হবে।সরকারের পদত্যাগ দাবিসরকারকে ‘রক্তপিপাসু খুনি’ ও ‘ব্যর্থ’ উল্লেখ করে সরকারের পদত্যাগের দাবি জানান বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, ‘বিচারপ্রক্রিয়ার ওপর বিক্ষোভের চাপ প্রয়োগকে সমর্থন করে, জাতিকে বিভক্ত করে সংঘাতের পথে ঠেলে দিয়ে এবং নিজের দেশের নাগরিকদের ওপর বর্বর হত্যাকাণ্ড চালিয়ে এই সরকার ক্ষমতায় থাকার সকল নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। তারা ক্ষমতায় থাকলে দেশ আরও ভয়ংকর বিপর্যয়ে দিকে ধাবিত হবে। সে কারণে আমরা অনতিবিলম্বে এই রক্তপিপাসু খুনি সরকারের পদত্যাগ দাবি করছি।’দেশ ভয়াবহ সংকটেখালেদা জিয়া বলেন, ‘দেশ আজ এক ভয়াবহ সংকটে। এমন ভয়ংকর অবস্থা স্বাধীনতার পর আর কখনো সৃষ্টি হয়নি। গোটা জাতিকে আজ বিভক্ত করে ফেলা হয়েছে। দেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম পবিত্র ইসলাম এবং আমাদের মহান স্বাধীনতাকে আজ পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানিয়ে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ যেমন স্বাধীনতাপ্রিয়, তেমনি ধর্মপরায়ণ। ধর্ম কিংবা স্বাধীনতা কোনোটির ওপর আঘাতই তারা সহ্য করে না। ইসলাম এবং স্বাধীনতায় কোনো বিরোধ নেই। অথচ একটি কুচক্রী মহল মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের নামে পবিত্র ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে নোংরা কুত্সা রটনায় লিপ্ত হয়েছে। এতে স্বাভাবিকভাবেই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতি দারুণভাবে আহত হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, ধর্মপ্রাণ মানুষ এর বিরুদ্ধে যখন শান্তিপূর্ণ পন্থায় প্রতিবাদ জানাবার উদ্যোগ নিয়েছে, অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবি তুলেছে, তখন সরকার তাদের ওপর চালিয়েছে নির্মম হত্যাযজ্ঞ।’খালেদা জিয়া দাবি করেন, সরকারি দলের সন্ত্রাসীরা মসজিদে ঢুকে মুসল্লি, খতিব ও ইমামদের পর্যন্ত হেনস্তা করেছে। প্রতিবাদ মিছিল থেকে কিশোর-তরুণদের ধরে নিয়ে তাদের গায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যার মতো পৈশাচিক ঘটনা ঘটিয়েছে। নিজ গৃহে গৃহবধূকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরকারি দলের সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে অংশ নিচ্ছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে এসব হত্যাকাণ্ডে তাদের উত্সাহিত করা হচ্ছে। রাজপথে নামার ডাকজনগণের গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ চালিয়ে দেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এরা একই উদ্দেশ্যে শান্তিপ্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের ওপরও হামলা চালিয়েছিল। আমি সরকারকে এমন আত্মঘাতী ষড়যন্ত্র থেকে বিরত হওয়ার পরামর্শ দিচ্ছি। দেশবাসীকে আমি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’ শান্তির পক্ষে বিএনপির অবস্থান মন্তব্য করে খালেদা জিয়া বলেন, ‘সরকার যে ভয়াবহ অবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে, গণহত্যায় মেতে উঠেছে, তাতে দেশের দায়িত্বশীল সর্ববৃহত্ রাজনৈতিক দল হিসাবে আমরা নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারি না।’খালেদা জিয়া দেশের শান্তিপ্রিয় সব মানুষকে এই সরকারের ‘ঘৃণ্য ও গণবিরোধী’ কার্যকলাপের বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। যেকোনো মূল্যে জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার এবং দেশবাসীকে এই সংকটের মুহূর্তে রাজপথে নেমে আসারও ডাক দেন তিনি।কর্মসূচিসংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচিও ঘোষণা করেন বিরোধী দলীয় নেতা। এর মধ্যে রয়েছে আগামীকাল শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বেলা তিনটায় প্রতিবাদ মিছিল। একই সময়ে সারা দেশের মহানগর ও জেলা সদরগুলোতে এই কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া ‘সরকারের দুর্নীতি, দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে’ ৫ মার্চ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান খালেদা জিয়া। প্রশাসনের উদ্দেশে খালেদা বলেন, ‘জনগণের শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভে কোনো বাধা সৃষ্টির চেষ্টা করবেন না। আমি বলব, আর একটি গুলিও যেন চালানো না হয়। জুলুম-নির্যাতনের পথ বেছে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের গণদাবি, জাতীয় সংকট এবং তাদের সীমাহীন ব্যর্থতা ও দুর্নীতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে সরকার দেশকে চরম অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।