ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত পাঁচ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আজ শুক্রবার বিকেলে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের এনায়েতপুরে পুলিশ চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতেরা হলেন কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের নূরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৩২), তাঁর মেয়ে নুরুন্নাহার তন্দ্রা (৯), একই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে ফারহানা আক্তার খুকি (২৮), শাহরাস্তি উপজেলার দোপাল্লা গ্রামের আবদুল আজিজ (২৪) ও অটোরিকশার চালক শাহরাস্তি উপজেলার আবদুল মান্নান (৩৫)।হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজ বিকেলে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা হাজীগঞ্জে আসছিল। এটি এনায়েতপুর পুলিশ চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চার যাত্রী নিহত হন। গুরুতর আহত অটোরিকশার চালক মান্নান হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে স্থানীয় লোকজন ট্রাকটি ভাঙচুর করে।এদিকে এ দুর্ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ক্ষুব্ধ লোকজন চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে গাড়ি ভাঙচুরসহ বেলা সোয়া তিনটা থেকে সোয়া পাঁচটা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।