ট্রাক কেড়ে নিল ছাত্রসহ চারজনের প্রাণ
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রসহ চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা পৌর এলাকার সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী অজয় দাস বলেন, ভাঙ্গার চুমুরদির থেকে উপজেলা সদরে আসার পথে ব্যাটারিচালিত একটি অটোবাইককে পেছন থেকে চাপা দেয় তরমুজ-বোঝাই একটি ট্রাক। এতে এ হতাহতের ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ প্রথম আলো অনলাইনকে বলেন, দুর্ঘটনার ফলে অটোবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোবাইকের যাত্রী ভাঙ্গার দেওরা মাঠ গ্রামের মাইক্রোচালক বেলায়েত মাতুব্বর (২৫) এবং বাবলাতলা গ্রামের রড বিক্রেতা আরিফ মোল্লা (২২), গঙ্গাধরদী গ্রামের দেলো ফকির (৫০) ও চানপট্টি গ্রামের সাখাওয়াত সিকদার (১৮) ঘটনাস্থলেই নিহত হন। সাখাওয়াত ভাঙ্গা কে এম কলেজের ছাত্র ছিলেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা মো. এমরান হোসেন বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, ট্রাকচালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।