ট্রাক চাপায় প্রাণ গেল স্কুলপড়ুয়া আট শিশুর
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় আজ শনিবার ট্রাকের চাপায় স্কুলপড়ুয়া আট শিশু প্রাণ হারিয়েছে। স্কুলের রিকশাভ্যানে করে বাড়ি ফেরার পথে দুপুর দুইটার দিকে লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ট্রাকটি তাঁদের চাপা দেয়। নিহত শিশুরা সবাই নাথেরপেটুয়া মডার্ন একাডেমির শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি উপজেলার হাতিমারা গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মডার্ন একাডেমির কয়েকজন শিক্ষার্থী দুপুরে বিদ্যালয় থেকে রিকশাভ্যানে চড়ে হাতিমারা গ্রামে নিজেদের বাড়ি ফিরছিল। দুপুর দুইটার দিকে নোয়াখালী থেকে আসা একটি ট্রাক রিকশা ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আট শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতপষা মধ্যে সাতজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, নাথেরপেটুয়া মডেল স্কুলের প্লে-গ্রুপের শিক্ষার্থী সাকিবুল হাসান (৬), রাকিবুল হাসান (৬), শোভা (৬), তৃতীয় শ্রেণীর ছাত্র ফাহাদুল ইসলাম (৮), টিপু সুলতান (৮), আল্ আমিন (৮) এবং হূদয় হোসেন। বাকি একজনের পরিচয় জানা যায়নি। নিহত সবার বাড়ি ওই এলাকার হাতিমারা গ্রামে। মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার প্রথম আলো ডটকমকে আট শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। দুর্ঘটনার পর ট্রাকটিকে এলাকাবাসী পুড়িয়ে দেন। ওই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।