ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু
নারায়ণগঞ্জের কাঁচপুরে আজ রোববার সকালে ট্রাকচাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের নাম তৈয়ব নূর চৌধুরী ওরফে বাপ্পি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ছাত্র। কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, তৈয়ব গতকাল শনিবার রাতে তাঁর চট্টগ্রামের বাড়ি থেকে বাসে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। সকাল সাতটার দিকে তিনি কাঁচপুর এলাকায় বাস থেকে নেমে রিকশা নেন। এ সময় একটি ট্রাক তাঁর রিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাপ্পির মৃত্যু হয়। পুলিশ তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে আধা ঘণ্টার জন্য প্রতীকী সড়ক অবরোধ করে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অশোক কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।