ট্রাকচাপায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের
মাগুরার শালিখা উপজেলার সীমাখালী সেতুর ওপর আজ মঙ্গলবার সকালে ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত সোহেল রানা ও বিশ্বজিত্ খাঁ স্থানীয় সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।সোহেল রানা শালিখা উপজেলার পিয়ারপুর গ্রামের মোহন মোল্লার ও বিশ্বজিত্ খাঁ আড়ুয়াকান্দি গ্রামের ভোলানাথ খাঁর ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহেল ও বিশ্বজিত্ গাইদঘাট গ্রামে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে আজ সকাল পৌনে আটটার দিকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। সীমাখালী সেতুর ওপর পৌঁছার পর পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘দুর্ঘটনায় আমরা শোকাহত। নিহত সোহেল ও বিশ্বজিত্ মেধাবী ছাত্র ছিল। তারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার মতো ছাত্র ছিল।’ আবদুর রকিব নামে সীমাখালী বাজারের এক প্রত্যক্ষদর্শী প্রথম আলো ডটকমকে বলেন, ওই সেতুর অদূরে পেট্রলপাম্প থেকে তেল নিয়ে ট্রাকটি সীমাখালীর দিকে যাচ্ছিল। চালকের অনুপস্থিতিতে ট্রাকটি চালাচ্ছিলেন তাঁর সহকারী। দুর্ঘটনার পর ওই সহকারী ট্রাক রেখে পালিয়ে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিহত দুই স্কুলছাত্রের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।