ট্রাকচাপায় শ্রমিক নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে একটি ট্রাকের চাপায় এক নারীশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার জের ধরে কারখানার শ্রমিকেরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সালনা এলাকার প্রীতি গ্রুপ নামে একটি পোশাক তৈরির কারখানার শ্রমিক মোর্শেদা আকতার (৪৫) কাজে যোগ দেওয়ার জন্য মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় দ্রুতগামী ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।সড়ক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে উত্তেজিত শ্রমিকেরা ৩০ থেকে ৩৫টি যানবাহন ভাঙচুর করে। খবর পেয়ে গাজীপুর শিল্প ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে। দুপুর ১২টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকে পাঁচ থেকে সাত কিলোমিটার যানজট তৈরি হয়।পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। গাজীপুর শিল্প পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।