ট্রাকচালক মফিজ বরিশালে গ্রেপ্তার, কঠোর শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ট্রাক খাদে পড়ে ৩৮ স্কুলছাত্রসহ ৪০ জন নিহত হওয়ার ঘটনায় এর চালক জসিমউদ্দিন ওরফে মফিজকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামে গতকাল বৃহস্পতিবার সকালে এক আত্মীয়বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।এদিকে মফিজ গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করে তাঁর কঠোর শাস্তির দাবি জানিয়েছে মিরসরাইবাসী।পুলিশ সূত্রে জানা যায়, মিরসরাই থানা থেকে গতকাল সকাল সাতটার দিকে বরিশালের কাউনিয়া থানাকে জানানো হয়, ট্রাকচালক মফিজ বাটনা গ্রামে আত্মীয়ের বাড়িতে আত্মগোপন করে আছেন। এ তথ্য পাওয়ার পর কাউনিয়া থানা পুলিশ সকাল পৌনে নয়টার দিকে বাটনা গ্রামের মো. ফরিদউদ্দিনের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে মফিজকে গ্রেপ্তার করে পুলিশ।অভিযান পরিচালনাকারী কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) হেমায়ুল কবির বলেন, ফরিদউদ্দিনের বাড়িতে গিয়ে মফিজের কথা জানতে চাইলে বাড়ির লোকজন জানায়, ওই নামে কেউ নেই। তখন মফিজ নিজের নাম জসিমউদ্দিন বলে জানান। পুলিশ জানত না মফিজের নাম জসিমউদ্দিন। কিন্তু পত্রিকায় প্রকাশিত ছবির সঙ্গে মিল থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি স্বীকার করেন, তাঁর ডাকনাম মফিজ। বাড়ির মালিক ফরিদউদ্দিন মফিজের ভাগনিজামাই।মফিজকে কাউনিয়া থানায় নিয়ে আসার পর পরই সেখানে পৌঁছান বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক আহম্মেদ।কাউনিয়া থানায় মফিজ সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘একটি সেতু পার হওয়ার সময় ট্রাকের ব্রেক বিকল হয়ে যায়। বিষয়টি আমি খেলোয়াড়দের বলেছিলাম। কিন্তু ওরা আমার কথা শুনতে পায়নি। পরে অন্যদিক থেকে একটি গাড়ি আসতে দেখে আমি ওই গাড়িটিকে পাশ দিতে গিয়ে ট্রাকের চাকা রাস্তার নিচে চলে যায়। এরপর ট্রাক ঘুরে গেলে আমি আর নিয়ন্ত্রণ রাখতে পারিনি। দুর্ঘটনায় আমার ভাইয়ের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র নয়নও মারা যায়। ট্রাক খাদে পড়ে যাওয়ার পর আমি কয়েকজনকে ট্রাকের নিচ থেকে টেনে তুলেছিলাম। একপর্যায়ে লোকের ভিড় বাড়ার পর কেউ কেউ আমাকে সরে পড়তে বলে। তখন আমি সেখান থেকে চলে যাই।’মফিজ বলেন, দুর্ঘটনাস্থল থেকে তিনি সরাসরি বাড়িতে চলে যান। সেখান থেকে ওই দিনই চলে যান চট্টগ্রাম শহরে। সেখানে দুই দিন ছিলেন। ছয় দিন আগে চট্টগ্রাম থেকে গাড়িতে করে পৌঁছান লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরী এলাকায়। এরপর সেখান থেকে সি ট্রাকে চলে আসেন বরিশাল।বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, মফিজকে আদালতে পাঠানো হয়েছে। সেখান থেকে নিরাপত্তা হেফাজতে তাঁকে আজ (শুক্রবার) চট্টগ্রামে পাঠানো হবে।১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালি গ্রামে ফুটবল খেলা শেষে ছাত্র ও সমর্থকদের নিয়ে ফেরার সময় তাদের বহনকারী ট্রাক খাদে পড়ে ৩৮ ছাত্রসহ ৪০ জন নিহত হয়। ঘটনার পর থেকে ট্রাকচালক মফিজ পলাতক ছিলেন।দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: ট্রাকচালক মফিজের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মিরসরাইবাসী। মামলার বাদী মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী প্রথম আলোকে বলেন, ‘মফিজের গ্রেপ্তারের খবরে মামলার বাদী হিসেবে আমি খুশি। এলাকাবাসীও খুশি। তবে আমরা চাই, দ্রুত বিচারে তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’ওই দুর্ঘটনায় নিহত আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. জাহেদুল ইসলামের বাবা মো. আবু জাফর বলেন, ‘মফিজ গ্রেপ্তার হয়েছে শুনে ভালো লাগছে। তবে তাঁকে উপযুক্ত শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা না ঘটে।’