চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ৪৪ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় ট্রাকচালক মো. মফিজুর রহমানকে পাঁচ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও নয় মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোছা. ফরিদা ইয়াসমিন আসামি মফিজের উপস্থিতিতে এ রায় দেন।এদিকে এতজনের প্রাণহানির ঘটনায় ট্রাকচালককে পাঁচ বছরের সাজা দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজন, শিক্ষক ও সহপাঠীরা। তাঁরা বলছেন, এত প্রাণহানির ঘটনায় এত কম সাজা মেনে নেওয়া যায় না। তাঁরা বিদ্যমান মোটরযান আইনের সংস্কার ও সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন করার দাবি জানিয়েছেন।গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে উপজেলার আবুতোরাব-বড়তাকিয়া সড়কের পশ্চিম সৈদালী এলাকায় শিক্ষার্থী বহনকারী একটি মিনি ট্রাক খাদে পড়ে যায়। এতে ৪২ জন ছাত্রসহ ৪৪ জন নিহত হয়। দুর্ঘটনার রাতে মিরসরাইয়ের মায়ানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির নিজামী বাদী হয়ে ট্রাকচালক মফিজকে আসামি করে মিরসরাই থানায় মামলা করেন। এর চার মাস ২৯ দিন পর গতকাল মামলার রায় ঘোষণা করা হয়।রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘এই দুর্ভাগা শিশু-কিশোরদের মৃত্যুর কোনো উপমা আছে বলে মনে হয় না। তারা কীভাবে পৃথিবী ছেড়ে চলে গেছে, তা তাদের কাছের মানুষেরা কেউই দেখেনি। এই মৃত্যু একটি স্বাভাবিক শোকাতুর দৃশ্যের অবতারণা করে।’হাকিম ফরিদা ইয়াসমিন দুর্ঘটনার জন্য ট্রাকচালক মফিজকে দায়ী করেন। পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, ‘সচেতন ব্যক্তি মাত্রই জানেন, সাম্প্রতিককালে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। চালকদের মধ্যে ট্রাফিক আইন না মানার প্রবণতা ও চালকদের ব্যক্তিগত চারিত্রিক স্খলনের কারণে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। সবকিছু মিলিয়ে এই আদালত মনে করে, আসামি দৃষ্টান্ত হিসেবে সর্বোচ্চ শাস্তি পাওয়ার উপযুক্ত।’রায়ে মফিজকে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৪ খ ও ৩৩৮ ক ধারায় দোষী সাব্যস্ত করেন আদালত। প্রথম অপরাধ তথা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর জন্য মফিজের তিন বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই আদেশে দ্বিতীয় অপরাধ তথা বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে গুরুতর জখম করার জন্য আরও দুই বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় মফিজকে। আদেশে উভয় দণ্ড একটির পর অন্যটি চলবে বলে উল্লেখ করা হয়। চট্টগ্রাম জেলার সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আবুল হাশেম আসামি মফিজের শাস্তি অপ্রতুল বলে মন্তব্য করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আইনের সীমাবদ্ধতার কারণে এই সাজা মেনে নিতে হচ্ছে। তবে একজন অভিভাবক ও সাধারণ নাগরিক হিসেবে এই সাজা মেনে নেওয়া কষ্টকর। তাই আমি এই আইনের সংশোধনী এনে সর্বোচ্চ সাজার মেয়াদ আরও বাড়াতে আইনপ্রণেতাদের কাছে দাবি জানাচ্ছি, যাতে বড় বড় দুর্ঘটনার ক্ষেত্রে চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়।’আদালত সূত্র জানায়, এই মামলায় ট্রাকচালক মফিজের বিরুদ্ধে গত ৩০ অক্টোবর দণ্ডবিধির ২৭৯, ৩৩৮ ক এবং ৩০৪ খ ধারায় অভিযোগ গঠন করা হয়। অভিযোগপত্রে থাকা ৩১ জন সাক্ষীর মধ্যে ২৯ জন এবং অন্য সাতজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেন।মিরসরাইয়ে ব্যাপক প্রতিক্রিয়া: মিরসরাই ট্র্যাজেডিতে নিহত ৪৪ জনের মধ্যে ৩৪ জনই আবুতোরাব উচ্চবিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানসহ এ অঞ্চলের যে ক্ষতি হয়ে গেল তা কোনো দিনও পূরণ হওয়ার নয়।’ মামলার বাদী চেয়ারম্যান কবির নিজামী বলেন, ‘অপরাধের তুলনায় অভিযুক্ত ব্যক্তির শাস্তি অত্যন্ত কম হওয়ার জন্য মোটরযানের বর্তমান দুর্বল আইনই দায়ী।’দুর্ঘটনায় নিহত ছাত্র নয়ন শীলের মা নীলিমা রানী শীল, ইমরান হোসেনের বাবা আবুল কাশেম, সাখাওয়াত হোসেনের মা ফিরোজা বেগম রায় শুনে ক্ষোভ প্রকাশ করেন। ট্র্যাজেডিতে নিহত আবুতোরাব উচ্চবিদ্যালয়ের ছাত্র সামছুদ্দীনের মামাতো ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. আজাদ হোসেন বলেন, ‘দুর্ঘটনার মামলায় অভিযুক্ত চালক মফিজের ফাঁসি হওয়া উচিত ছিল। কিন্তু দেশের দুর্বল আইনের কারণে এমন রায়ে আমরা খুশি হতে পারছি না।’