ট্রাকজট কাটেনি, ট্রলারে পশু পার
চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি-সংকট থাকায় ঘাটে শত শত যাত্রী ও পণ্যবাহী যান পারাপারের অপেক্ষায় রয়েছে। পশুবাহী ট্রাক ফেরিতে উঠতে না পেরে ঘাট থেকে ফিরে যাচ্ছে। অনেক ব্যবসায়ী পশুর হাট ধরার জন্য ট্রলারযোগে গরু পার করছেন। গতকাল বুধবার দুপুর থেকে এ নৌপথে আরেকটি ফেরি বৃদ্ধি করা হয়েছে। তিনটি ফেরি দিয়ে যাত্রীবাহী গাড়ি পারাপার করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর নৌপথে দুটি ফেরি দিয়ে প্রতিদিন ৬৫ থেকে ৭০টি গাড়ি পারাপার করা হতো। ঈদ সামনে রেখে এ পথে গাড়ির চাপ বৃদ্ধি পাওয়ায় দুই সপ্তাহ ধরে ঘাটের দুই পারে শত শত পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। বুধবার দুপুর পর্যন্ত ফেরিগুলোতে যাত্রীবাহী পরিবহন ছাড়া অন্য কোনো পরিবহন পারাপার করা বন্ধ ছিল। বুধবার সকালে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, এক কিলোমিটার পর্যন্ত সড়কের দুই পাশে শত শত ট্রাক আটকা পড়ে আছে। ফেরি করবী ও কস্তরীতে শুধু যাত্রীবাহী যানবাহন পারাপার করা হচ্ছে। গবাদিপশু ব্যবসায়ী মোজাম্মেল হোসেন বলেন, তিন দিন ধরে ঘাটে অপেক্ষা, তাই অতিরিক্ত ঝুঁকি নিয়ে ট্রলারযোগে মেঘনা নদী পার হয়ে গরু বিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছি।