ট্রাকে করে প্রচার চালাবেন মহিউদ্দিন দিনে ৪০টি পথসভা করবেন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের এবারের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা প্রচারের জন্য সময় পাচ্ছেন প্রায় দুই সপ্তাহ। এ সময়কে খুব কম বলেই মনে করছেন মেয়র পদের প্রধান দুই প্রার্থীর নির্বাচনী প্রচারকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা এই সময়কে সর্বোত্তম কাজে লাগানোর পরিকল্পনাও করছেন।পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর জন্য সাজানো হচ্ছে একটি মিনি (ছোট) ট্রাক, যাতে করে তিনি বেশির ভাগ সময় ট্রাকে অবস্থান করে প্রচার চালাতে পারেন। অন্যদিকে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী এম মঞ্জুর আলমের জন্য দিনে প্রায় ৪০টি পথসভা করার পরিকল্পনা করেছেন তাঁর প্রচারকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা ট্রাক ভাড়া করে মাইকে প্রচার চালানোর কথাও ভাবছেন।আগামী ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন কমিশন সূত্র জানায়, ভোট গ্রহণের ৩২ ঘণ্টা আগেই প্রার্থীদের প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ২ জুন। মূলত প্রতীক বরাদ্দ দেওয়ার পরই শুরু হবে প্রার্থীদের প্রচার। সেই হিসাবে প্রচারের জন্য এবার প্রার্থীরা সময় পাচ্ছেন মাত্র ১৪ দিন। জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার আয়তন ১৫২ বর্গমাইল। ওয়ার্ড রয়েছে ৪১টি। এর মধ্যে ৪০টি নগরে এবং একটি জেলার হাটহাজারী থানায়। মেয়র পদপ্রার্থী ও তাঁদের নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মেয়র পদপ্রার্থীরা দিনে একটি ওয়ার্ডে প্রচার চালালেও সব ওয়ার্ডে প্রচার শেষ করতে সময় দরকার ৪১ দিন। এ কারণেই প্রধান দুই মেয়র পদপ্রার্থীর প্রচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচন কমিশনের নির্ধারিত মাপের পোস্টার, প্রচারপত্র (লিফলেট) ছাড়ার পাশাপাশি ভোটারদের কাছে পৌঁছতে অন্য পরিকল্পনাও করছেন। তবে এ পরিকল্পনা করা হচ্ছে নির্বাচনী আচরণবিধি যাতে লঙ্ঘিত না হয় সেদিকে খেয়াল রেখে। আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী ও আগের তিনবারের মেয়র মহিউদ্দিন চৌধুরী এবং বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মঞ্জুর আলম মেয়র পদে প্রধান দুই প্রার্থী। জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামী-সমর্থিত মেয়র পদপ্রার্থীও রয়েছেন। তবে পর্যবেক্ষকেরা মনে করছেন, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মহিউদ্দিন ও মঞ্জুরের মধ্যে।নিজেদের নির্বাচনী প্রচার কৌশল সম্পর্কে নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা একটি মিনি ট্রাক সাজিয়ে তাতে আমাদের প্রার্থীর বসা, নামাজ, বিশ্রাম এবং খাওয়ার-দাওয়ার ব্যবস্থা রাখছি। ছোট এই ট্রাকে চড়ে তিনি সব ওয়ার্ডের অলিতে-গলিতে গিয়ে প্রচার চালাবেন।’ তিনি বলেন, তাঁদের প্রার্থী (মহিউদ্দিন) দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারবেন না। তাই ট্রাকে বসেই যেন প্রচার চালাতে পারেন, সে ব্যবস্থা রাখা হয়েছে।মহিউদ্দিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের সূত্রে জানা যায়, তাঁর প্রচার চালানোর জন্য দেড় টন ওজনের একটি টয়োটা-ডায়না ট্রাক ভাড়া করে তাতে ওয়েল্ডিং করে তাঁর বসার জন্য একটি বিশেষ ধরনের চেয়ার বসানো হচ্ছে। রাখা হয়েছে নামাজ ও বিশ্রামের ব্যবস্থা। ট্রাকে একটি মাইক বসানো হচ্ছে। ট্রাক ভাড়া করার বিষয়টি নিশ্চিত করে মেয়রের ব্যক্তিগত সচিব হাসান মাহমুদ শমসের বলেন, ‘কাল (আজ বৃহস্পতিবার) ট্রাকটি সাহেবের (মহিউদ্দিন) বাসার সামনে চলে যাবে। ওয়েল্ডিং করে এক দিনের মধ্যে এটিকে সাজানোর কাজ শেষ হবে। শনি-রোববারের মধ্যে ট্রাকটি রাস্তায় নামবে।’নির্বাচনী প্রচারের পরিকল্পনা সম্পর্কে বিএনপি-সমর্থিত প্রার্থী মঞ্জুর আলম বলেন, ‘সব ওয়ার্ডের ভোটারদের ঘরে ঘরে যাওয়ার সময় না থাকায় আমি মোট ৫০০টি পথসভা করার পরিকল্পনা নিয়েছি। সেই হিসাবে এক দিনে অন্তত ৪০টি করে পথসভা করতে হবে।’ তিনি বলেন, ‘পথসভার বাইরে আড়াই লাখ পোস্টার এবং ১০ লাখ লিফলেট ও হ্যান্ডবিল ছাড়ার পরিকল্পনা আছে। এতে সব ওয়ার্ডে প্রচার হয়ে যাবে।’চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক আবুল কাশেম চৌধুরী বলেন, ‘প্রচারের জন্য মাইক বাঁধা ছোটখাটো ট্রাক ব্যবহারের পরিকল্পনা আমাদেরও আছে। দুই থেকে তিন দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত হবে।’সূত্রমতে, মহিউদ্দিন চৌধুরীর পক্ষে এবার ৮২ হাজার পোস্টার, দুই লাখ পাঁচ হাজার লিফলেট, ৮২ হাজার করে হ্যান্ডবিল ও স্টিকার ছাড়ার পরিকল্পনা রয়েছে। প্রতীকবিহীন সাদা-কালো রঙের একটি স্টিকার গতকাল ছাড়াও হয়েছে।