ট্রাকে বাড়তি প্রশস্ততা-অ্যাঙ্গেল, প্রাণহানি ঘটলেও নিয়ন্ত্রণ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকে ইচ্ছেমতো প্রশস্ততা ও আড়াআড়ি লোহার পাতের (অ্যাঙ্গেল) কারণে দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বাড়লেও এসব নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ নেই। সর্বশেষ এই কারণে গত শুক্রবার সিলেটের বিশ্বনাথ উপজেলায় গ্রিনলাইন পরিবহনের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। দুমড়েমুচড়ে গেছে বাসের ডানের সামনের অংশ। অথচ ট্রাকের বর্ধিত এই অংশ অবৈধ। এর আগে গত বছরের ২৮ জুলাই বগুড়ায় দিনাজপুরগামী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৯ জনের প্রাণহানি ও বাসের ডান পাশে ব্যাপক ক্ষতির কারণও ট্রাকের অবৈধ বাড়তি অংশ ও অ্যাঙ্গেল। ট্রাকের অ্যাঙ্গেলসহ বাড়তি অংশ বল্লমের ফলার মতো বাসের ডান দিক চিরে বেরিয়ে যায়। এতে ডান দিকে থাকা যাত্রীরা হতাহত হয়েছিলেন। বাস-ট্রাকের সংঘর্ষের ক্ষেত্রে ট্রাকের ওই অংশের জন্য বাসের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও ট্রাকের তেমন ক্ষতি হয় না। যেমন, শুক্রবারের দুর্ঘটনায়ও ট্রাকের পেছনের অংশে ক্ষতি হলেও সামনের অংশ (কেবিন) ছিল বলতে গেলে অক্ষত।বাসমালিক, সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা ব্যক্তিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশে বেশির ভাগ ট্রাকের বডি নির্ধারিত মাপের (হুইল অ্যালাইনমেন্ট) চেয়ে প্রশস্ত। এই প্রশস্ত অংশের স্থায়িত্ব বাড়াতে লাগানো হয় আড়াআড়ি লোহার অ্যাঙ্গেল। এর ফলে ট্রাকের বডির দুই পাশে কেবিনের চেয়ে অতিরিক্ত প্রশস্ততা থাকে। অথচ এসব অবৈধ। এত প্রাণহানির পরও এসব নিয়ন্ত্রণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পুলিশের কোনো উদ্যোগ নেই।গ্রিনলাইন পরিবহনের মহাব্যবস্থাপক আবদুস সাত্তার শুক্রবারের দুর্ঘটনা সম্পর্কে বলেন, ট্রাকটির কেবিনের চেয়ে অতিরিক্ত চওড়া অংশ অ্যাঙ্গেলসহ বাসের ভেতরে ঢুকে সব ভেঙেচুরে ফেলেছে। এ কারণেই এত হতাহত হয়েছে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে প্রায় সব ট্রাকের মূল বডি (পেছনের পণ্য নেওয়ার অংশ) সামনের অংশের (কেবিন) চেয়ে ছয় থেকে নয় ইঞ্চি বেশি চওড়া করে বানানো হয়। এই বর্ধিত চওড়া অংশে দুই পাশে দুটি করে তিনকোনা লোহার পাত (অ্যাঙ্গেল) থাকে। দুই পাশ মিলিয়ে কেবিনের তুলনায় বডি এক থেকে দেড় ফুট বেশি চওড়া হয়। অ্যাঙ্গেল আবার বডি থেকে তিন থেকে ছয় ইঞ্চি বেরিয়ে থাকে। ফলে পাশ কাটানোর সময় বাসের ডান পাশের সঙ্গে ট্রাকের বাড়তি ওই চওড়া অংশ ও অ্যাঙ্গেলের সঙ্গে সংঘর্ষ হয় প্রায়ই। অ্যাঙ্গেলের মাথা কাজ করে বল্লমের ফলার মতো।ট্রাকের মালিকেরা বলছেন, বাণিজ্যিকভাবে ব্যবহার উপযোগী করার জন্যই অ্যাঙ্গেল লাগানো হয়। এতে বডি শক্ত থাকে। দুর্ঘটনাগবেষক ও বুয়েটের এআরআইর সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক বলেন, ‘কেবল আমাদের দেশেই ট্রাকের গায়ে লম্বালম্বিভাবে অ্যাঙ্গেল লাগানো হয়। এটি জীবনহানিকর বলে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ বিশ্বের প্রায় সব দেশেই যানবাহনের গায়ে লম্বালম্বি লোহার পাত বা অ্যাঙ্গেল লাগানো নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবছর এই অ্যাঙ্গেলের কারণে অনেক মানুষ মারা গেলেও সরকারের কোনো বিভাগই ট্রাক থেকে অ্যাঙ্গেল খোলার উদ্যোগ নিচ্ছে না। এটা দুঃখজনক।’ট্রাকে অতিরিক্ত প্রশস্ততা ও অ্যাঙ্গেলের বিষয়ে জানতে চাইলে হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। অ্যাঙ্গেলসহ এই ট্রাকগুলো প্রতিবছরই বিআরটিএ থেকে ফিটনেস সনদ নিচ্ছে। এসব ক্ষেত্রে পুলিশ বড়জোর মামলা দিতে পারে। কিন্তু এভাবে এটা দমন করা সম্ভব নয়। এ জন্য সব সংস্থার সমন্বিত উদ্যোগ নিতে হবে।বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান বলেন, যেকোনো যানবাহনের মাপের অতিরিক্ত বডি ও গায়ে অ্যাঙ্গেল বা অতিরিক্ত পাত লাগানো সম্পূর্ণ বেআইনি। ফলে এসব অবৈধ। বিআরটিএ বিভিন্ন সময় এটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। যাঁরা বাস-ট্রাকের বডি তৈরি করছেন, তাঁদের ডেকে বোঝানো হয়েছে, মাপের অতিরিক্ত বডি না বানানোর জন্য বলা হয়েছে, উদ্বুদ্ধ করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। বিআরটিএ আরও উদ্যোগ নেবে। এর পর থেকে ফিটনেস দেওয়ার সময় এ বিষয়গুলোর ওপর জোর দেওয়া হবে।বিআরটিএর চেয়ারম্যানের এ বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কয়েকটি যাত্রী পরিবহন সংস্থার কর্মকর্তারা বলেন, রাজধানীতে চলাচলকারী ট্রাকগুলোতে অ্যাঙ্গেল লাগানো কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ঢাকার নগর পরিবহনের বাসগুলোর অ্যাঙ্গেল সম্প্রতি খুলে ফেলা হয়েছে। আন্তজেলা বাসেও অ্যাঙ্গেল নেই। কেবল আন্তজেলা ট্রাক ও কাভার্ডভ্যানগুলোতে অ্যাঙ্গেল লাগানো হয়। ট্রাকমালিকেরা চান বলেই ওয়ার্কশপের মালিক বা শ্রমিকেরা ট্রাকে অ্যাঙ্গেল লাগান। তাই ওয়ার্কশপ মালিক-শ্রমিকদের না বলে বিআরটিএর উচিত এ ব্যাপারে আইন কঠোরভাবে প্রয়োগ করা। কারণ, সব যানবাহনের ফিটনেস সনদ দেয় বিআরটিএ।নিরাপদ সড়ক চাই আন্দোলনের উদ্যোক্তা চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার কারণ চিহ্নিত হয়েছে। এগুলো এখন চালক-যাত্রী সবাই জানেন। কিন্তু এই কারণ দূর করতে সরকারের উদ্যোগ নেই। ট্রাকে অ্যাঙ্গেল লাগানোর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রচারণা চালানো হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি।