ট্রাকের অ্যাঙ্গেলের আঘাতেই বগুড়ার দুর্ঘটনায় এত হতাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকের গায়ে (বডিতে) লম্বালম্বিভাবে লাগানো অ্যাঙ্গেলের আঘাতেই গত বৃহস্পতিবার ভোরে বগুড়ায় দুর্ঘটনাকবলিত বাসটি পুরোপুরি বিধ্বস্ত হয়। ট্রাকের অ্যাঙ্গেলের কারণেই ওই দুর্ঘটনায় এত লোক হতাহত হয়েছে। এই অভিমত বিশেষজ্ঞদের।ওই দুর্ঘটনায় ঢাকা থেকে দিনাজপুরের হিলিগামী জাকের পরিবহনের বাসটির ১৯ যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। ট্রাকের অ্যাঙ্গেলের আঘাতে বৃহস্পতিবারই আরেকটি দুর্ঘটনায় রাজধানীর অদূরে গাজীপুরের কালিয়াকৈরে নিহত হয়েছেন পাঁচ বাসযাত্রী।দুর্ঘটনার পর বগুড়ার নয়মাইল এলাকার ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ট্রাকের গায়ের অ্যাঙ্গেলের সঙ্গে ঝুলছে বিধ্বস্ত বাসটির জানালার কাঠামো (ফ্রেম), রাবারের প্যানেল, পর্দা, সিটকভার, বাসের গায়ের ধাতব পাত আর মানুষের শরীরের ছিন্নভিন্ন বিভিন্ন অঙ্গ। ট্রাকটি প্রায় অক্ষতই ছিল। কিন্তু বাসটির ডান পাশের জানালা আর বডির লোহার পাতগুলো যেন কেউ কেটে নিয়ে গেছে বলে মনে হচ্ছিল। পাশেই পড়ে ছিল ভাঙাচোরা লোহার টুকরা, বাসটির ভেতরের ডান পাশের সবগুলো আসন ভেঙেচুরে পড়ে ছিল। সেগুলোতে ছোপ ছোপ রক্ত। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল জুতা, পানির বোতল, খাবারের বাক্স ইত্যাদি।দুর্ঘটনার ধরন সম্পর্কে বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাকটির গায়ের অ্যাঙ্গেল বাসের বডি ভেদ করে ডান পাশের সবকিছুই ছিন্নভিন্ন করে দিয়েছে। কালিয়াকৈরে একই ধরনের দুর্ঘটনায় বাসটির পেছন দিকের ডান পাশের অংশ ছিন্নভিন্ন হয়ে গেলেও ট্রাকটিকে খুঁজেই পাওয়া যায়নি। মহাসড়কগুলোতে প্রায়ই ঘটছে এ ধরনের দুর্ঘটনা। যেকোনো যানবাহনের গায়ে অতিরিক্ত লোহা বা অ্যাঙ্গেল লাগানো অবৈধ হলেও এগুলো খোলার বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো।অ্যাঙ্গেল না ছুরি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশে প্রায় সব ট্রাকের গায়ের দুই পাশে লাগানো থাকে দুটি করে তিন কোনা লোহার বার বা অ্যাঙ্গেল। এমনিতেই বাংলাদেশের ট্রাকগুলোর মূল বডি (পেছনের মাল নেওয়ার অংশ) সামনের অংশ (কেবিন) অপেক্ষা ছয় থেকে নয় ইঞ্চি বেশি প্রশস্ত করে বানানো হয়। দুই পাশ মিলিয়ে কেবিনের তুলনায় বডি এক থেকে দেড় ফুট বেশি চওড়া হয়। এসব অ্যাঙ্গেল আবার বডি থেকে তিন থেকে ছয় ইঞ্চি বাইরে বের হয়ে থাকে। ফলে যখন কোনো বাসের সঙ্গে ট্রাকের পাশাপাশি সংঘর্ষ হয়, তখন মূলত ট্রাকের অ্যাঙ্গেলের সঙ্গে বাসের বডির সংঘর্ষ হয়। আর এই অ্যাঙ্গেলের মাথা বল্লমের ফলার মতো বাসের বডির ভেতরে ঢুকে ছিন্নভিন্ন করে দিয়ে যায়।বগুড়ার দুর্ঘটনায় ট্রাকটির অ্যাঙ্গেল সামান্য একটু খুলে এসে যাত্রীদের ওপর তলোয়ারের মতো আঘাত করেছে। এই অ্যাঙ্গেলের আঘাতেই বাসটির কয়েকজন যাত্রীর হাত ও মাথা দেহ থেকে ছিন্ন হয়ে গেছে।সরকারের উদ্যোগ নেই: দুর্ঘটনা গবেষক ও বুয়েটের এআরআইর সাবেক পরিচালক শামসুল হক বলেন, ‘শুধু আমাদের দেশেই ট্রাকের গায়ে লম্বালম্বিভাবে অ্যাঙ্গেল লাগানো হয়। এটা জীবনহানিকর বলে পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ পৃথিবীর প্রায় সব দেশেই যানবাহনের গায়ে লম্বালম্বি লোহার বার বা অ্যাঙ্গেল লাগানো নিষিদ্ধ করা হয়েছে। প্রতিবছর এই অ্যাঙ্গেলের কারণে প্রচুর মানুষ মারা গেলেও সরকারের কোনো বিভাগই ট্রাকের গা থেকে অ্যাঙ্গেল খোলার উদ্যোগ নিচ্ছে না। এটা দুঃখজনক।’‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের উদ্যোক্তা চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, ‘আমরা ট্রাকে অ্যাঙ্গেল লাগানোর বিরুদ্ধে বিভিন্ন সময় প্রচারণা চালিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ এসব কথায় কর্ণপাত করছে না। এর আগেও বগুড়ার মতো অনেক দুর্ঘটনা ঘটেছে।’বাসমালিকদের ক্ষোভ: যাত্রী পরিবহন সংস্থা শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র প্রথম আলোকে বলেন, ‘ট্রাকের গায়ের অ্যাঙ্গেলগুলো খুবই ভয়ংকর। অ্যাঙ্গেল বাসে লাগলেই হতাহতের ঘটনা ঘটে। বগুড়ার মতো অ্যাঙ্গেল গেঁথে দুর্ঘটনা এর আগেও ঘটেছে। পরিবহন-সংশ্লিষ্ট সরকারের সব বিভাগই জানে যে অ্যাঙ্গেলগুলো অবৈধ। তবু এগুলো কীভাবে ট্রাকের গায়ে লাগানো থাকে, তা আমি বুঝি না। ট্রাকটির গায়ে অ্যাঙ্গেল না লাগানো থাকলে বগুড়ায় এত হতাহতের ঘটনা ঘটত না।’এসআর ট্রাভেলসের মহাব্যবস্থাপক এস এম আলতাফ হোসেন বলেন, সাত-আট বছর আগে বগুড়ার মহাস্থানে তাঁদের কোম্পানির একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়েছিল। ওই দুর্ঘটনায় ট্রাকের অ্যাঙ্গেলের সঙ্গে আরেক যাত্রীর লাশ গেঁথে থাকতে দেখা গেছে। অ্যাঙ্গেলের ব্যাপারে প্রায়ই বাসচালকেরা অভিযোগ করেন। কিন্তু আমাদের ক্ষতি স্বীকার করা ছাড়া আর কিছু থাকে না।বিআরটিএর বক্তব্য: দেশের পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, যেকোনো যানবাহনের গায়েই অ্যাঙ্গেল লাগানো বেআইনি বিধায় অবৈধ। বিআরটিএ বিভিন্ন সময় এটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এখন যারা এগুলো তৈরি করছে (বডি ওয়ার্কশপ), তাদের অ্যাঙ্গেল লাগানোর ক্ষতি সম্পর্কে বুঝিয়ে তা না লাগানোর জন্য বলা হচ্ছে।বিআরটিএর এই বক্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে কয়েকজন বাসমালিক প্রথম আলোকে বলেন, বিআরটিএর এই পদক্ষেপে কার্যকর কিছু হবে না। ট্রাকমালিকেরা চাইলে ওয়ার্কশপ মালিক বা শ্রমিকেরা অ্যাঙ্গেল না লাগিয়ে পারবেন না। বিআরটিএর উচিত এ ব্যাপারে আইন প্রয়োগ করা।