ট্রাকের গায়ের অবৈধ ‘অ্যাঙ্গেল’ দুর্ঘটনা বাড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় সব ট্রাকের গায়ের দুই পাশে লাগানো ত্রিকোণাকৃতি লোহার বার (অ্যাঙ্গেল) সড়ক-মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা ও ভয়াবহতা বাড়াচ্ছে। অন্যান্য যানবাহন, বিশেষ করে বাসের সঙ্গে ট্রাকের এই অ্যাঙ্গেলেরই সংঘর্ষ হয় বেশি। অথচ ট্রাকের গায়ে এ ধরনের অ্যাঙ্গেল লাগানো অবৈধ।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কোরপাইতে ২০০৮ সালের ৬ নভেম্বর এসিডভর্তি একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই ১০ জনসহ অন্তত ১৯ জন প্রাণ হারান। ওই দুর্ঘটনায় ট্রাকের অ্যাঙ্গেলই এমন ক্ষতির কারণ বলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই) এক অনুসন্ধানে দেখা গেছে।বুয়েটের অনুসন্ধানে দেখা যায়, ট্রাকের অ্যাঙ্গেল যাত্রীসহ বাসটির বাঁ পাশের একাংশ ছিঁড়েফুঁড়ে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। অ্যাঙ্গেলের কারণে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তেমন কিছুই হয়নি ট্রাকটির। বরং ট্রাকের এসিড পড়ে পুড়ে যায় বাসের ডান পাশে বসা যাত্রীদের শরীরও। এ কারণে পরে হতাহতের সংখ্যা আরও বেড়ে যায়।দুর্ঘটনা গবেষক ও সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) কর্মকর্তারা বলছেন, এ রকম দুর্ঘটনা দেশে অহরহ ঘটে চলেছে। শুধু ট্রাকের গায়ে লম্বালম্বিভাবে লাগানো ওই অ্যাঙ্গেলগুলোর কারণে দুর্ঘটনায় ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে কয়েক গুণ। বিশেষ করে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ক্ষেত্রে ওই অ্যাঙ্গেল বাসের এক পাশ দিয়ে ‘বল্লমের ফলার মতো’ ঢুকে সব ছিঁড়েফুঁড়ে বেরিয়ে যায়। বেশির ভাগ ট্রাকের সামনের অংশের চেয়ে পেছনের অংশ অতিরিক্ত চওড়া হওয়ায় সংঘর্ষজনিত দুর্ঘটনা বেশি ঘটে। এ দেশে ট্রাক, কাভার্ড ভ্যান, এমনকি কোনো কোনো বাসের গায়েও অ্যাঙ্গেল লাগানো হয়।দুর্ঘটনা গবেষক ও বুয়েটের এআরআইর সাবেক পরিচালক অধ্যাপক শামসুল হক বলেন, পৃথিবীর আর কোনো দেশেই এ রকম লম্বালম্বিভাবে অ্যাঙ্গেল লাগানো হয় না। দুর্ঘটনায় এই অ্যাঙ্গেলগুলো ধ্বংসাত্মক হয়ে ওঠে। অ্যাঙ্গেলগুলোর উচ্চতা থাকে বাসের জানালা বরাবর। বাসের ওই অংশ অপেক্ষাকৃত ভঙ্গুর উপাদানে তৈরি, যেখানে শুধু কয়েকটি খুঁটি ও কাচ থাকে। সংঘর্ষের সময় অ্যাঙ্গেলগুলো বাসের জানালার কাচ ও খুঁটি ছিঁড়ে বেরিয়ে যায়। সঙ্গে প্রাণ নিয়ে যায় জানালার পাশে বসা যাত্রীদের। কখনো কখনো ভেঙে পড়ে বাসের ছাদও। তিনি বলেন, ট্রাকের পেছনের অতিরিক্ত প্রশস্ত অংশটিও দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। ট্রাকগুলোর সামনের অংশের (কেবিন) চেয়ে পেছনের অংশ (বডি) অতিরিক্ত চওড়া। আর এতে অ্যাঙ্গেল লাগানো থাকলে কী হতে পারে, কোরপাইয়ের দুর্ঘটনাটি তার প্রমাণ। শামসুল হক আরও বলেন, বেশির ভাগ ট্রাক আসে ভারত থেকে। অথচ ভারতের ট্রাকের বডিগুলোও কেবিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে প্রশস্ত করা হয়। পাকিস্তানে ট্রাককে নানাভাবে সজ্জিত করার রেওয়াজ রয়েছে। কিন্তু সেখানেও এর বডির প্রস্থ বাড়ানো হয় না। ট্রাকের পেছন দিকের উচ্চতা বাড়ানো হয় ভারত ও পাকিস্তানে। তিনি বলেন, ট্রাকের পেছনের অংশ অতিরিক্ত চওড়া হওয়ায় পাশের গাড়ির সঙ্গে সংঘর্ষের আশঙ্কা বেড়ে যায়। আর চালক আয়না দিয়ে পেছনের কোনো দৃশ্যই দেখতে পান না। বাংলাদেশে বেশির ভাগ ক্ষেত্রেই ট্রাকের ইঞ্জিন ও চেসিস আমদানি করে দেশে কাঠামো তৈরি করা হয়। গাবতলীর একটি ট্রাকের কাঠামো তৈরির কারখানার মিস্ত্রি বিনয় জানান, ঢাকায় চলাচলকারী বেডফোর্ড ট্রাকগুলোর পেছনের মাল নেওয়ার অংশটি লম্বায় প্রায় সাড়ে ১৪ ফুট ও চওড়ায় প্রায় ৮ ফুট। আর আন্তজেলা বেডফোর্ড ট্রাকগুলো চওড়ায় প্রায় সাড়ে ৮ ফুট আর লম্বায় ১৬ ফুট পর্যন্ত হয়। অথচ এসব ট্রাকের সামনের অংশ (কেবিন) সাড়ে ছয় থেকে সাত ফুট চওড়া হয়। মিস্ত্রি বিনয় বলেন, শুধু বেডফোর্ড নয়, এখন টাটা, অশোক লেল্যান্ডসহ প্রায় সব ব্র্যান্ডের ট্রাকের পেছনের অংশ কেবিনের চেয়ে বেশি চওড়া করে বানানো হয়। কারখানায় তৈরি প্রায় সব ট্রাকেরই গায়ে অ্যাঙ্গেল লাগানো হয়। মালিকেরা চান বলেই তাঁরা অ্যাঙ্গেল লাগান।বাংলাদেশ ট্রাক মালিক সমিতির সহসভাপতি মাহাবুবুর রহমান বলেন, ট্রাকের অ্যাঙ্গেলটা অবৈধ, তবু বডি বাঁচানোর জন্য এটা লাগানো হয়ে থাকে। না হলে ট্রাক বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী থাকবে না বলে তাঁর দাবি।সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান প্রথম আলোকে বলেন, যেকোনো যানবাহনের গায়েই অ্যাঙ্গেল লাগানো অবৈধ। বিআরটিএ বিভিন্ন সময় এটা নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। ট্রাকের পেছনের অংশের অতিরিক্ত প্রশস্ততার বিষয়ে তিনি বলেন, সাধারণত ট্রাকের চাকার দেড় শ মিলিমিটার বাইরে পর্যন্ত বডি প্রশস্ত করার বিধান রয়েছে। বেডফোর্ড ট্রাকগুলোর কেবিন যেহেতু বেশি সরু ও বডি বেশি চওড়া, তাই রাতের বেলায় সংঘর্ষ এড়াতে সেগুলোর বডির অতিরিক্ত চওড়া অংশে বাতি লাগানোর জন্য মালিকদের বলা হয়েছিল। বিআরটিএ সূত্র জানায়, বডি চওড়া করার যে বিধান আছে, বেশির ভাগ ট্রাকেই তার অতিরিক্ত চওড়া করে বডি বানানো হয়। বাড়তি লাভের জন্য মালিকেরা নিরাপত্তার চিন্তা না করেই বডি তৈরি করান।৪০ বছরেরও বেশি সময় ট্রাক চালিয়েছেন বাংলাদেশ আন্তজেলা ট্রাক চালক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম। তিনি বলেন, দুর্ঘটনায়, বিশেষ করে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ক্ষেত্রে বডিতে লাগানো অ্যাঙ্গেলগুলোর কারণে হতাহতের সংখ্যা বেড়ে যায়। একসময় যানবাহনে অ্যাঙ্গেল লাগানো নিষিদ্ধ করেছিল সরকার। গাড়ির সামনে অতিরিক্ত বাম্পার লাগানোও নিষিদ্ধ। এখন আর এসব কেউ মানেন না।