ট্রাকের চাপায় দুই স্কুলছাত্রী নিহত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আজ সোমবার ভোরে ট্রাকের চাপায় জ্যোতি ও ফাল্গুনী নামে দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। জ্যোতি বিড়ালদহ বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ও ফাল্গুনী একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ ভোর ছয়টার দিকে একসঙ্গে প্রাইভেট পড়তে যাচ্ছিল জ্যোতি ও ফাল্গুনী। পুঠিয়ার মাইপাড়া বাজার এলাকায় পৌঁছার পর রাজশাহীগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে জ্যোতি ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত ফাল্গুনীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়। এ ঘটনায় আহত হন ট্রাকের চালক ও তাঁর সহকারী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনার সত্যতা নিশ্চিত করে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, পরিস্থিতি এখন শান্ত। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।