ট্রাকের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১
গাজীপুর সদর উপজেলায় আজ সোমবার ভোরে মাইক্রোবাসের ধাক্কায় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোরে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় গাছবোঝাই ট্রাকটি বিকল হয়ে পড়ে। ভোর সাড়ে চারটার দিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে ট্রাকটি মেরামত করা হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দিলে বিকট শব্দে ওই ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকের পেছনের অংশ ও পুরো মাইক্রোবাসে আগুন ধরে যায়। মাইক্রোবাস থেকে বের হতে না পারায় আসনেই অগ্নিদগ্ধ হয়ে চালক মারা যান।খবর পেয়ে ভোররাতেই গাজীপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। সকালে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা-কবলিত ট্রাক, মাইক্রোবাস ও চালকের লাশ উদ্ধার করে।নাওজোর হাইওয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।