ট্রাকের হানা!
ঘটনাটি ৫ জুনের। রাত তখন সোয়া তিনটা। দ্রুতগতিতে একটি ট্রাক যাচ্ছিল ফরিদাবাদের কে বি রোড দিয়ে। বেপরোয়া ট্রাকটি আচমকা ঢুকে পড়ে রুমা ট্রেডিং করপোরেশন নামের একটি দোকানে। সেই দোকানের শাটার ভেঙে নিয়ে ঠেলতে ঠেলতে গিয়ে থামে ওই বাড়ির মূল ফটকে। এটির ইঞ্জিন বন্ধ না করেই পালিয়ে যান ট্রাকচালক ও তাঁর সহকারীরা। মিনিট বিশেক পর গেন্ডারিয়া থানার পুলিশ এসে ইঞ্জিন বন্ধ করে। এরপর তারা ট্রাকের চাবি ও অন্যান্য জিনিসপত্র নিয়ে যায়। পুলিশ জানায়, সকালে রেকার দিয়ে ট্রাকটি থানায় নিয়ে যাওয়া হবে।উল্লেখ্য, একই স্থানে এর আগে ট্রাকের কারণে দুর্ঘটনা ঘটেছে এবং তাতে মানুষও মারা গেছে। রাতের বেলা পোস্তগোলা থেকে ইট ও বালুবোঝাই শত শত ট্রাক ও কার্গো সড়কটি দিয়ে কে বি রোডে ঢোকে। পাশাপাশি দুটি ট্রাক চলার মতো জায়গা কে বি রোডের মোড়ে নেই। তাই একটি আরেকটিকে পাশ কাটাতে গেলে প্রায়ই চালকেরা খেই হারিয়ে ফেলেন। এতে ঘটে দুর্ঘটনা। এ ছাড়া রাস্তাটি এতটাই ভাঙা যে খানাখন্দের ওপর দিয়ে যানবাহন চলার সময় সৃষ্ট শব্দে এর উভয় পাশের বাসিন্দাদের রাতে ঘুমানোই দুষ্কর হয়ে পড়েছে। তাই কে বি রোডে ট্রাক ও কার্গো চলাচল বন্ধ করা দরকার বলে মনে করে এলাকাবাসী। এ ছাড়া কে বি রোডে থাকা সড়কবাতির একটিও জ্বলে না।—জয়দেব সরকার